ক্রিকেট

ওমেন্স এশিয়া কাপের সেমিফাইনালে দাপুটে ভারতের মূলমন্ত্র আত্মবিশ্বাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওমেন্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত। ইতিমধ্যেই অপরাজিত থেকে গ্রুপের শীর্ষ দল হিসাবে শেষ চারে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে রয়েছেন তারা। ব্যাটে-বলে অপ্রতিরোধ্য ভারত সেমিফাইনালেও ফেভারিট হিসাবেই মাঠে নামতে চলেছে। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের বোলিং লাইনআপ। বড় রান না করলেও, দলের শক্তিশালী বোলিং দক্ষতা ভরসা জোগাচ্ছে অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। হংকংয়ের বিরুদ্ধে তাঁর ৬৪ বলে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা। ওপেনিংয়ে শেফালি বর্মাও দ্রুত রান তুলছেন। অধিনায়ক হরমনপ্রীত ও উইকেটকিপার রিচা ঘোষের উপস্থিতি মাঝের সারিতে ভরসা দিচ্ছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহিকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। যদিও সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়েছে। মাত্র ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দল, শেষ পর্যন্ত শারমিন আখতার ও নিগার সুলতানার লড়াকু ব্যাটিংয়ে ভর করে ঘুরে দাঁড়ায়। ভারতের আগ্রাসী ব্যাটিং রুখতে রাবেয়া খান, নাহিদা আখতার ও মারুফা আক্তারদের সুশৃঙ্খল বোলিং করতে হবে। যদিও চলতি ওমেন্স এশিয়া কাপে বল হাতে ভালোই ছন্দে রয়েছেন তারা। তবে সাম্প্রতিক ইতিহাস বলছে বাংলাদেশের সামনে ধারে-ভারে এগিয়ে থাকবে ভারত। যদিও সেমিফাইনালের মত চাপের ম্যাচে অঘটনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই চলতি ওমেন্স এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে মরিয়া সাতবারের চ্যাম্পিয়ন ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version