ক্রিকেট

কোহলির টেস্ট অবসর ঘিরে প্রশ্ন তুললেন জাফর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে, ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়া কোহলির টেস্ট ক্রিকেট ছাড়ার পরিস্থিতি আরও ভাল ভাবে সামলানো যেত। এই ঘটনার জেরে কোহলির মনে তিক্ততা তৈরি হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেন, কোহলির মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ক্রিকেটার শুধু দলের সম্পদ নন, দর্শকদের কাছেও বড় আকর্ষণ। তাই তাঁর আরও কয়েক বছর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ ছিল বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তবে অবসরের নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানতে কোহলির নিজের বক্তব্য শোনা জরুরি বলেও জানিয়েছেন তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন কোহলি। সেই সময় থেকেই টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। পরে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিলেও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বদলে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। শেষ পর্যন্ত ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
১৪ বছরের টেস্ট কেরিয়ারে ১২৩টি ম্যাচ খেলে ৯২৩০ রান করেছেন কোহলি। রয়েছে ৩০টি শতরান।
ভারতীয় দলের নির্বাচন প্রসঙ্গেও মুখ খুলেছেন জাফর। তাঁর মতে, নির্বাচকদের কয়েকটি সাহসী সিদ্ধান্ত সফল হলেও কিছু ক্ষেত্রে ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার জন্য নির্বাচকদের একক ভাবে দায়ী করা ঠিক নয়। প্রথম একাদশ বেছে নেওয়ার দায়িত্ব মূলত কোচ ও অধিনায়কের, নির্বাচকদের কাজ ক্রিকেটার নির্বাচন করা।
জাফরের বক্তব্য, সিদ্ধান্ত যতই সাহসী হোক, তা কী ভাবে কার্যকর করা হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version