আইপিএল
IPL 2026: বোলারদের কৃতিত্বে জয় ফিরল রাজস্থান, ফুরিয়ে যাননি প্রমাণ করলেন জাদেজা
রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ব্যাটিং খুব একটা জ্বলে উঠতে না পারলেও শৃঙ্খলাবদ্ধ বোলিং এবং অভিজ্ঞতার ছাপ রেখে জয় ছিনিয়ে নিল রাজস্থান। একানা স্টেডিয়ামে ৪০ রানে হার মানতে হল লখনউকে। ফলে কলকাতার বিরুদ্ধে জয়ের পর টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ, আর শুরুতেই সাফল্য এনে দেন মহসিন খান। বিপজ্জনক বৈভব সূর্যবংশীকে(৮) দ্রুত ফিরিয়ে চাপ তৈরি করেন তিনি। যশস্বী জয়সওয়াল(২২) শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি, মহম্মদ শামির শিকার হন তিনি। ধ্রুব জুরেলের ধারাবাহিক(০) ব্যর্থতাও বাড়ায় চাপ। এই পরিস্থিতিতে রিয়ান পরাগ(২০) ও শিমরন হেটমায়ার(২২) ছোট ছোট ইনিংসে ভরসা দিলেও দলের ভিত গড়ে দেন রবীন্দ্র জাদেজা। তার ২৯ বলে ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস রাজস্থানকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। শেষ দিকে ফেরেরা ও শুভম দুবের অবদানেও স্কোর পৌঁছায় ১৫৯।লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় লখনউ। আয়ুষ বাদোনির রান আউট, পন্থ ও মাক্রামের দ্রুত বিদায় ম্যাচের রাশ টেনে ধরে রাজস্থান। জোফ্রা আর্চারের আগুনে বোলিং লখনউয়ের রান তোলার গতি পুরোপুরি আটকে দেয়। মিচেল মার্শ(৫৫) একা লড়াই চালিয়ে গেলেও, প্রয়োজনীয় সমর্থন পাননি তার সতীর্থদের কাছে। ব্রিজেস শর্মার এক ওভারে দুটি উইকেট শেষ করে দেয় লখনউয়ের লড়াই। দাপুটে বোলিং পারফরম্যান্সে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান।
