আইপিএল

IPL 2026: ‘কিলার মিলার’-এর লড়াই ব্যর্থ, ১ রানে হার দিল্লির

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার রাতে নাটকীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১ রানে হারাল গুজরাট টাইটান্স। শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হতাশ হতে হল দিল্লিকে।

শেষ ৩ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। প্রাসিধ কৃষ্ণার করা বলে ১০৬ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে সমীকরণ ২ বলে ২-এ নামিয়ে আনেন ডেভিড মিলার। পরের বলে একটি রান নিলে শেষ বলে দরকার পড়ে ২ রান। তবে স্লোয়ার বাউন্সারে ব্যাটে লাগাতে পারেননি মিলার। রান নিতে গিয়ে কুলদীপ যাদব রান আউট হলে ভেঙে যায় দিল্লির স্বপ্ন। ওয়াইডের আবেদনও খারিজ করে দেন তৃতীয় আম্পায়ার।

এর আগে শেষ দুই ওভারে ৩৬ রান তাড়ায় মোহাম্মদ সিরাজের ওভারে ২৩ রান তোলেন মিলার, যা ম্যাচে ফেরায় দিল্লিকে। তবে শেষ মুহূর্তে হিসেবের ভুলেই নায়ক হওয়ার বদলে ভিলেন হয়ে যান ‘কিলার মিলার’।

গুজরাট আগে ব্যাট করে তোলে ২১০ রান। অধিনায়ক শুভমান গিল ৪৫ বলে ৭০, জস বাটলার ২৭ বলে ৫২ ও ওয়াশিংটন সুন্দর ৩২ বলে ৫৫ রান করেন। এই ইনিংসে টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন বাটলার।

জবাবে লোকেশ রাহুলের ৫২ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস ও পাথুম নিসাঙ্কার ৪১ রান সত্ত্বেও ২০৯ রানে থামে দিল্লি। মিলার অপরাজিত থাকেন ৪১ রানে। বল হাতে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version