আইপিএল
IPL 2026: ধোনি – রোহিত দ্বৈরথ নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ
রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর ম্যাচ নিয়ে চড়ছে পারদ, বিশেষ করে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের দ্বৈরথ নিয়ে। ২০২৬ আইপিএল এ চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। শেষ দুই ম্যাচ চোটের জন্যে বাইরে রোহিত শর্মাও। তবে অনুশীলনে তাঁদের সক্রিয় উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, বড় ম্যাচে দু’জনকেই দেখা যেতে পারে। ধোনিকে উইকেট কিপিং করতে দেখে তার এক সময়ের ভারতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন বেশ উচ্ছ্বাসিত। তাঁর কথায়, “আমি আজ পর্যন্ত ধোনিকে নেটে কখনও উইকেটকিপিং করতে দেখিনি। আগের দিন ও তাই করল।” তিনি আরও যোগ করেন, “আমি নিশ্চিত, ধোনি পুরো ফিট এবং মুম্বইয়ের বিরুদ্ধে ও খেলবে। সম্ভবত কিপিংও করবে। তবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলতে পারে ধোনি।”পয়েন্ট টেবিলের পরিস্থিতিও বেশ টানটান। দুই দলই সমান পয়েন্টে থাকলেও নেট রানরেটে এগিয়ে মুম্বই। ফলে এই ম্যাচ কার্যত প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার পরীক্ষা।
