আইপিএল

IPL 2026: কেকেআর নিয়ে রাহানের ‘নতুন’ স্বপ্ন,নতুন মরসুমে আরও ধারালো অরোরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল আর ঠিক পরেরদিন অর্থাৎ ২৯ তারিখ কেকেআর মুখোমুখি হবে মুম্বাইয়ের বিরুদ্ধে। তার আগে নিজেদের আরও ধারালো করে তুলতে মরিয়া তারা। আগের মরশুমের ব্যর্থতা কাটিয়ে এই মরশুমে অধিনায়ক অজিঙ্কা রাহানে,নতুনদের নিয়ে আশাবাদী। রাহানের কথায়, “দলে নতুন যারা এসেছে, তাদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। বিশেষ করে ফিন অ্যালেন, পাথিরানা, গ্রিন ও মুজারাবানিদের। আশা করি, কেকেআরের পরিবেশ ওদের ভালো লাগবে।” দলগত সমন্বয় গড়ে তোলার দিকেই এখন জোর দিচ্ছেন অধিনায়ক।

অন্যদিকে, ২০২৩ সাল থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার বৈভব অরোরা। নতুন মরশুমের প্রস্তুতিতে তিনি জোর দিচ্ছেন নিজের বোলিংয়ের সূক্ষ্ম দিকগুলো উন্নত করার জন্য। অরোরা বলেন, “প্রস্তুতি ভালোই চলছে। অনুশীলনী ম্যাচের পাশাপাশি নেটে ভ্যারিয়েশন ঝালিয়ে নিচ্ছি। একজন পেসার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে নিজের দক্ষতা বাড়ানো, যাতে ম্যাচে সেগুলো ঠিকভাবে কাজে লাগানো যায়।”

এবার দলে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন সতীর্থ টিম সাউদি। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে অরোরা। “সাউদি একজন কিংবদন্তি। আগে একসঙ্গে খেলেছি, তখনও অনেক কিছু শিখেছি। এখন কোচ হিসেবে আরও বেশি সময় পাব, যা আমার উন্নতিতে সাহায্য করবে,” বলেন তিনি।

ইয়র্কার, স্লোয়ার এবং হার্ড লেন্থ, সব অস্ত্রই আরও নিখুঁত করতে চাইছেন তিনি। “প্রতিটি ব্যাটারের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে বল করতে হয়। মাঠের মাপও কাজে লাগাতে হয়,” বললেন অরোরা।

ইডেন গার্ডেন্সের পিচ নিয়েও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অরোরা। তাঁর মতে, “নতুন বলে তিন-চার ওভার সুইং থাকে, তারপর সাহায্য কমে যায়। তাই সেই সময় ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন অধিনায়ক রাহানে। তাঁর কথায়, “আপনারা আমাদের পাশে থাকুন। আমরা মাঠে সবটুকু উজাড় করে দেব। আশা করছি, এবারও শিরোপার জন্য লড়াই করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version