আইপিএল

IPL 2026: আইপিএল অভিযান শুরুর আগে আত্মবিশ্বাসী নাইট শিবির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। দলের সহকারী কোচ শেন ওয়াটসন মনে করছেন, চোট সমস্যা সত্ত্বেও দলের গভীরতা এবং তরুণদের সুযোগ কাজে লাগানোর মানসিকতাই এবারের সাফল্যের চাবিকাঠি হতে পারে।
প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ওয়াটসন জানান, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হলেও কেকেআরে যোগ দেওয়ার প্রধান কারণ ছিল নতুন শেখার সুযোগ। বিশেষ করে প্রধান কোচ অভিষেক নায়ারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। ফ্র্যাঞ্চাইজির পেশাদার পরিবেশও তাকে মুগ্ধ করেছে।
প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও মুম্বইয়ের প্রথম ম্যাচে দুর্বল রেকর্ড রয়েছে, তবুও ওয়াটসনের মতে, “ওদের দলে সবসময় ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় থাকে। তাই আমাদের সেরা খেলাটা খেলতেই হবে।”
চোট সমস্যার কারণে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত। তবে এটাকে নেতিবাচক না দেখে ইতিবাচকভাবেই দেখছেন ওয়াটসন। তার মতে, এতে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তৈরি হচ্ছে। বৈভব অরোরার মতো বোলারদের উপর বাড়তি দায়িত্ব আসছে।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের চোট ও অনুপস্থিতির প্রসঙ্গও উঠে আসে। ওয়াটসনের মতে, “এই পরিস্থিতিতে দ্রুত পরিকল্পনা বদলানোর ক্ষমতাই দলের সাফল্য নির্ধারণ করে।”
KKR ও মুম্বইয়ের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অতীতের রেকর্ড ম্যাচের ফল নির্ধারণ করে না। “মাঠে কে কেমন খেলছে, সেটাই আসল,” বলেন তিনি।
দলের নতুন সংযোজন ক্যামেরন গ্রীনকে নিয়েও আশাবাদী ওয়াটসন। তার মতে, গ্রিন চাপমুক্ত হয়ে খেলেন এবং বড় অঙ্কের দামের প্রভাব তার খেলায় পড়বে না।
আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে কিছুটা আপত্তিও জানান ওয়াটসন। তার মতে, এই নিয়ম অলরাউন্ডারদের বিকাশে বাধা তৈরি করতে পারে। তবে একইসঙ্গে স্বীকার করেন, এই নিয়ম ব্যাটারদের আরও আক্রমণাত্মক করে তুলেছে।
ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ওয়াটসন বলেন, এখন আর কোনও দলেই দুর্বল লিঙ্ক নেই। দেশের ক্রিকেট কাঠামো থেকে ধারাবাহিকভাবে প্রতিভা উঠে আসছে, যা আইপিএলকে আরও প্রতিযোগিতামূলক করেছে।
উইকেটকিপিং বিভাগেও একাধিক বিকল্প রাখছে কেকেআর। তরুণ অঙ্গকৃষ রঘুবংশী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন। এছাড়া শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার দলে যোগ দেওয়া এখনও অনিশ্চিত। বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছে দল।
অন্যদিকে, তারকা অলরাউন্ডার আন্দ্রে রাস্রল না থাকলে তা অবশ্যই বড় ধাক্কা, তবে এতে অন্য খেলোয়াড়দের সামনে সুযোগ তৈরি হবে বলে মনে করছেন ওয়াটসন। রামানদীপ সিং ও রিঙ্কু সিংদের দিকে বিশেষ নজর থাকছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব নিয়েও তিনি জোর দেন। রাসেলের অভিজ্ঞতা দলের তরুণ ব্যাটারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেও জানান।
সব মিলিয়ে, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে নতুন মরশুমে ভালো শুরুর লক্ষ্যেই নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version