আইপিএল
IPL 2026: আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ডাকেট।
রে স্পোর্টজের ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়ল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বেন ডাকেট ব্যক্তিগত কারন দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন এবারের মরশুম থেকে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। দিল্লি ম্যানেজমেন্টের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়েও শেষ মুহূর্তে তাঁর সরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য।নিলামে প্রায় ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল দিল্লি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর মরশুমের আগে সরে দাঁড়ালে শাস্তির মুখে পড়তে হতে পারে—এমনকি দু’বছরের নিষেধাজ্ঞাও জারি হতে পারে তাঁর বিরুদ্ধে।নিজের সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে ডাকেট লিখেছেন, “আইপিএল থেকে সরে দাঁড়ানোর খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি”। পাশাপাশি তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা। আমার সাধ্যের মধ্যে যা যা থাকবে আমি ইংল্যান্ড ক্রিকেটের জন্য করব। সে জন্য আমাকে শারীরিক এবং মানসিক ভাবে সেরা জায়গায় থাকতে হবে। দিল্লি দলের সবার কাছে ক্ষমা চাইছি।”অ্যাশেজ সিরিজে খুব একটা সফল না হলেও, ইংল্যান্ড দলে নিজের জায়গা আরও শক্ত করতে চান ৩১ বছরের এই ব্যাটার। এখন দেখার, আইপিএল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয় কি না, নাকি বিশেষ পরিস্থিতি বিবেচনা করে ছাড় দেওয়া হয়।
