আইপিএল
IPL 2026: বৈভব ঝড়ে উড়ে গেল চেন্নাই
রে স্পোর্টজের প্রতিবেদন: একতরফা ম্যাচে দাপট দেখিয়ে আইপিএল অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস। ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই ২ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৮ উইকেটের এই জয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে রাজস্থান।
ম্যাচের নায়ক ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে চেন্নাইয়ের বোলারদের দিশেহারা করে দেন তিনি। মাত্র ১৭ বলে ৫২ রান করেন বৈভব, চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে। ৩০৫.৮৮ স্ট্রাইক রেটের এই ঝোড়ো ইনিংসেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
অন্য প্রান্তে স্থির ছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি ৩৬ বলে অপরাজিত ৩৮ রান করেন। বৈভব আউট হওয়ার পর ধ্রুব জুরেল ৯ বলে ১৮ রানের দ্রুত ইনিংস খেলেন। শেষে অধিনায়ক রিয়ান পরাগ ১১ বলে অপরাজিত ১৪ রান করে জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায়। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সঞ্জু স্যামসন (৬) ও ঋতুরাজ গায়কোয়াড় (৬) দ্রুত আউট হয়ে গেলে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই।
মাঝে সরফরাজ খান (১৭) ও কার্তিক শর্মা (১৮) কিছুটা লড়াই করলেও শেষদিকে জেমি ওভারটনের ৪৩ রান যথেষ্ট হয়নি। সব মিলিয়ে, শুরুতেই দাপুটে জয়ে শক্ত বার্তা দিল রাজস্থান।
