আইপিএল

IPL 2025/26: আরসিবি শিবিরে নেই যশ, বাড়ছে জল্পনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। বাকি সব দলের মতই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও অনুশীলন শুরু করে দিয়েছে। তবে গত মরসুমের চ্যাম্পিয়নদের শিবিরে অনুপস্থিত জোরে বোলার যশ দয়াল। বেঙ্গালুরুকে প্রথমবার আইপিএল শিরোপা জেতানোর অন্যতম নায়ক ছিলেন যশ। কিন্তু তার অনুপস্থিতি এবার নতুন করে তৈরি করছে অনেক প্রশ্ন। যশের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগই কি তাহলে তার অনুপস্থিতির কারণ? এই নিয়েও চলছে তুমুল জল্পনা। সূত্রের খবর, যশ দয়ালের বিরুদ্ধে উঠেছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ, যার মধ্যে একটি মামলার অভিযোগকারিণী নাবালিকা। দেশের দু’টি রাজ্যের পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। গত মরসুমে ১৩ উইকেট নেওয়া এই উত্তরপ্রদেশের দ্রুতগতির বোলার নজর কেড়েছিলেন অনেকেরই। তবে এবার তার অনুপস্থিতিই শুধুমাত্র প্রশ্ন তুলছে তাই নয়, পাশাপাশি টিম বাসে যশ ছাড়া বাকি সব ক্রিকেটারের ছবি থাকাটা মোটেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই কি যশকে কেটে ফেলেছে বেঙ্গালুরু? প্রসঙ্গত, নিলামের আগে যশকে রিটেন করেছিল আরসিবি। কিন্তু তাঁর এই অনুপস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। একটি যৌন হেনস্থার মামলায় গত জানুয়ারিতে রাজস্থান হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে ধর্ষণ ও মানসিক-শারীরিক নির্যাতনের অভিযোগে নিম্ন আদালত আগাম জামিন খারিজ করেছিল। এরপর গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন করেন যশ। এ ছাড়াও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।এই বিতর্ক চলাকালীনই গত ৪ ফেব্রুয়ারি শ্বেতা পুন্ডিরকে বিয়ে করেন যশ দয়াল। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। সমাজমাধ্যমে তাঁরা বিয়ের কথা প্রকাশ না করলেও, শ্বেতা পরে দু’জনের একটি ছবি এবং যশের অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। দিল্লির বাসিন্দা শ্বেতার ফলোয়ার্স সংখ্যা প্রায় ছ’লাখের কাছাকাছি। প্রাক্তন ক্রিকেটারদের লিগে উপস্থাপিকা হিসেবেও দেখা যায় তাঁকে।অন্যদিকে যশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবটুকুই ধোঁয়াশা। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, “যশের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই এখনই ওকে দলে বিবেচনা করা যাচ্ছে না। গত সেপ্টেম্বরে শেষ বার ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই। ও ফোন নম্বরও পাল্টে ফেলেছে। ছোটবেলার কোচও কিছু জানেন না। আমাদের কাছেও কোন তথ্য নেই।” যদিও আরসিবি এখনও যশের অনুপস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে অনেকেই মনে করছেন গুরুতর এই অভিযোগে যাতে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিকে কোনরকম বিতর্কে জড়াতে না হয়, সেই কারণেই তাকে দল থেকে নিঃশব্দে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version