আইপিএল
IPL 2025/26: তৈরি আইপিএল সূচি, বিশেষ কারণে প্রকাশে বিলম্ব
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় শেষ লগ্ন উপস্থিত। এখন ক্রিকেট অনুরাগীদের মাথায় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল আইপিএল শুরু হবে কবে। এবার মিলল এই প্রশ্নেরও উত্তর। সূত্রের খবর ইতিমধ্যে সূচি নির্ধারিত হয়েছে আইপিএল এর যদিও বিশেষ কিছু কারণের জন্য সেই সূচি এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে নির্ধারিত সূচি অনুযায়ী পিছিয়ে যাচ্ছে আইপিএল শুরুর দিনও।
আগে জানা গিয়েছিল আগামী ২৬ শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। তবে বর্তমান নির্ধারিত সূচি অনুযায়ী বেশ কিছুদিনের জন্য পিছতে পারে এই দিন। সূত্রের খবর, সোমবার আইপিএলের গভর্নিং বডির মধ্যে একটি ভার্চুয়াল মিটিং হয় যেখানে এই নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূলত এই বছরেই পশ্চিমবঙ্গ অসম এবং তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আইপিএল এর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভোটের দিন জানা যায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দিন জানানো হলে তারপর নিজেদের সিদ্ধান্ত নেবে আইপিএলের কমিটি। অংশগ্রহণকারী দলগুলিকেও এই বিষয় জানানো হয়েছে। মূলত কলকাতা কেকেআরের হোম গ্রাউন্ড এবং অন্যদিকে সিএসকের হোম গ্রাউন্ড হল চেন্নাই। এর পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থানের বেশ কিছু ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয়। তাই নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট না হলে এখনই কোনরকম ঝুঁকি নিতে চাইছে না আইপিএলের গভর্নিং কমিটি।
প্রসঙ্গত বর্তমানে পাওয়া সুচি অনুযায়ী ২৬শে মার্চ এর পরিবর্তে ২৮ বা ২৯ শে মার্চ শুরু হতে পারে আইপিএল। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স নামছে মাঠে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি তাদের বিরুদ্ধে কারা খেলতে নামবে। সূত্রের খবর দুই দফায় প্রকাশিত হতে পারে আইপিএলের সূচি।
