আন্তর্জাতিক ক্রিকেট

INDvsNZT20I: হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত, শুরু ওডিআইয়ের প্রস্তুতিও

Published

on

অঙ্কন কর, অকল্যান্ড: ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের নামে করে নিয়েছে মেন ইন ব্লুরা। এবার পালা এক দিনের এবং টেস্টের। তার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য শ্রেয়স আইয়ারদের। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত শেষ দুই ম্যাচ জিতে সেই লক্ষ্য পূরণ করতে পারে কি না, এখন সেটাই দেখার। অন্যদিকে, ৪ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ খেলবেন শুভমান গিলরা। ইডেন পার্কের সেই মাঠেই চতুর্থ টি-টোয়েন্টি খেলবে ভারত। কিছু দিন আগেই অকল্যান্ডে পৌঁছে গিয়েছেন এক দিনের ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। এদিন সেখানে পৌঁছন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সূত্রের খবর, শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন বিরাট কোহলিও।

এদিন ইডেন পার্কে ভারতীয় টি-টোয়েন্টি দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা এবং ঈশান কিষানরা। অনুশীলনে অভিষেক ও বৈভবকে একে অপরের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং করতেও দেখা যায়। সিরিজের বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরা ছন্দ ধরে রাখাই এখন লক্ষ্য ভারতীয় দলের। তবে এদিনের অনুশীলনের মূল আকর্ষণ ছিল এক দিনের দলের প্রস্তুতি। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন শুভমান গিল এবং কেএল রাহুল। অকল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের টেকনিক নিয়েও কাজ করেন দুই ব্যাটার। হেড কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় তাঁদের।

অন্যদিকে, ইডেন পার্কের ছোট বাউন্ডারি বরাবরই ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়। বিশেষ করে সামনের বাউন্ডারি এতটাই ছোট যে রান আটকানো বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর চোটের ধাক্কায় সমস্যায় নিউজিল্যান্ডও। লকি ফার্গুসন ও ম্যাট হেনরি সিরিজের বাকি ম্যাচে নেই। তাঁদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট ফিশার। তবে মিচেল স্যান্টনারের সামনে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি। আর এক উইকেট পেলেই ১৫০ টি-২০ উইকেটের মালিক হবেন কিউয়ি অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version