আন্তর্জাতিক ক্রিকেট

সিরিজ হাতছাড়া ভারতের, হোবার্টে অস্ট্রেলিয়ার দাপট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে কার্যত অসহায় দেখাল ভারতীয় মহিলা দলকে। ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ওডিআই সিরিজ় খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। কিন্তু টানা দু’টি ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় হাতছাড়া করল ভারত।

হোবার্টে দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ৩৬.১ ওভারে ৫ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়।চোট কাটিয়ে ফেরা প্রতীকা রাওয়াল প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেন। তবে তাঁর ৫২ রানের ইনিংসটি আসে ৮১ বলে, যা দলের রানরেট কমিয়ে দেয়। অপর ওপেনার স্মৃতি মন্ধানা ৩৭ বলে ৩১ রান করেন। দু’জনের জুটিতে আসে ৭৮ রান। জেমাইমা রদ্রিগেজ় আবারও হতাশ করেন। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচজেতানো শতরানের পর থেকে তাঁর ব্যাটে বড় রান নেই। এ দিন তিনি করেন মাত্র ১১। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭০ বলে ৫৪ রান করলেও ইনিংসে গতি আনতে পারেননি। দীপ্তি শর্মাও ব্যর্থ, ১ রানেই ফিরতে হয় তাঁকে।২৫২ রানের লক্ষ্য রক্ষা করতে ভারতের দরকার ছিল দ্রুত উইকেট।

অ্যালিসা হিলিকে ৬ রানে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিলেন কাশভি। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ফিবি লিচফিল্ড ও জর্জিয়া ভলের জুটি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়। প্রথম উইকেটে ১৫ ওভারে ওঠে ১১৯ রান। লিচফিল্ড ৬২ বলে ৮০ করে আউট হন। এরপর বেথ মুনিকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ভল। দু’জনের মধ্যে মাত্র ১০ ওভারে ৮২ রানের জুটি ভারতের আশা শেষ করে দেয়। ভল খেলেন দুরন্ত ৮২ বলে ১০১ রানের ইনিংস। মুনি যোগ করেন ৩১।শেষ দিকে কয়েকটি উইকেট পড়লেও তাতে ফলাফলে প্রভাব পড়েনি। ৮৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ফলে তৃতীয় ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। তবে সেখানে পরাজয় এলে বিশ্বজয়ী হরমনপ্রীতদের জন্য তা হবে বড় ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version