আন্তর্জাতিক ক্রিকেট
অকল্যান্ডে ভারত, লক্ষ্য কিউইদের হোয়াইটওয়াশ
অঙ্কন কর, অকল্যান্ড: আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের দল। ফলে সিরিজের শেষ দুটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার। যদিও বিদেশের মাটিতে কিউইদের ধবলধোলাই করতে চাইবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্য নিয়েই বুধবার অকল্যান্ডের মাটিতে পা রাখলেন শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মারা। লম্বা বিমানযাত্রার পরেও বেশ হাসিখুশি মেজাজেই দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটারদের। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে অনেকটাই স্বস্তিতে গৌতম গম্ভীর। ইতিমধ্যেই সিরিজ পকেটে পুড়ে ফেললেও, মাটিতে পা রেখেই এগোতে চাইছেন ভারতীয় দলের হেড কোচ। মঙ্গলবার ম্যাচ জয়ের পর নিজের সমাজ মাধ্যমে গৌতম গম্ভীর বলেন, “বিনয়ী থাকো, মাটিতে পা রাখো।” অর্থাৎ বিদেশের মাটিতে সিরিজ জিতেও অতি উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোচ গৌতম গম্ভীর।
বছর ঘুরতেই ভারতের জন্য অপেক্ষা করে আছে একদিনের বিশ্বকাপ। আর সেই লক্ষ্য মাথায় নিয়েই দল তৈরীর কাজ করে চলেছেন গৌতম গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। তবে আপাতত টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ জিতে, জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া শ্রেয়স আইয়াররা। দীর্ঘদিন পর ভারতীয় দলে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন তারকা পেসার ভুবনেশ্বর কুমার। পাশাপাশি অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীদের দাপুটে ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের কাছে মাথাব্যথার অন্যতম কারণ। এদিকে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে সুখবর অভিষেক শর্মার জন্য। সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন অভিষেক শর্মা। সতীর্থ ঈশান কিষানকে সিংহাসনচ্যুত করে এক নম্বরে ভারতের বিধ্বংসী ওপেনার। অন্যদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন রবীন্দ্র জাদেজা। জাদেজাকে টপকে এই মুহুর্তে শীর্ষে রয়েছেন মার্কো জ্যানসেন। সাত নম্বরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
