ক্রিকেট

ICC T20 WORLD CUP: অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্রুপ একের নিয়মরক্ষার ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। সেমিফাইনালে আগেই জায়গা পাকা করে ফেলেছিল প্রোটিয়ারা। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল জিম্বাবোয়ের। তবু নিছক আনুষ্ঠানিকতার লড়াইয়ে উত্তেজনার ঘাটতি ছিল না। শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। দুই ওপেনার দ্রুত প্যাভিলিয়নে ফেরায় চাপে পড়ে দল। গোটা টুর্নামেন্টে ধারাবাহিক রান করলেও এ দিন ব্যর্থ হন বেনেট। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সিকান্দার রাজা। আক্রমণাত্মক মেজাজে ৪৩ বলে ৭৬ রান করেন তিনি, ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন করবিন বোস ও মাফাকা।নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। সুবিধা করতে পারেননি প্রোটিয়া ওপেনাররা । এরপর দায়িত্ব নেন ডিওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটন। ব্রেভিস ১৮ বলে ঝড়ো ৪২ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ দিকে ক্রিস্টান স্টাবস (২১) ও জর্জ লিন্ডে (৩০) গুরুত্বপূর্ণ জুটি গড়ে ১৩ বল বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন।গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ মার্চ ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version