ক্রিকেট

ICC T20 World Cup: নামিবিয়াকে হারিয়ে পাক ম্যাচের মহড়া সারল ভারত…

Published

on

অঙ্কন কর, দিল্লি: যেমন প্রত্যাশা ছিল ঠিক সেভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সহজ জয় পেল ভারত। দিল্লিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে ভারত। অনবদ্য খেলেন ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানেই শেষ হয় নামিবিয়ার ইনিংস। ফলে ৯৩ রানে ম্যাচ জিতে আগামী রবিবারের পাকিস্তান ম্যাচের মহড়া সেরে রাখল সূর্যকুমার যাদব ব্রিগেড।

বৃহস্পতিবার অসুস্থ অভিষেক শর্মার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে শুরুটা দারুণ করলেও ২২ রানে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন সঞ্জু। তবে তিনি আউট হয়ে গেলেও সাত ওভারের মধ্যেই ১০০ রানের গন্ডি পেরিয়ে যায় ভারত। সৌজন্যে ঈশানের ২৪ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। এরপরে তিলক বর্মা শুরুটা ভাল করলেও ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক সূর্যও (১২) এদিন ব্যর্থ হলেন। এরপরে হার্দিক ২৮ বলে ৫২ রান করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন। এছাড়া শিবম দুবে ২৩ রান করেন। তবে রান পেলেন না রিঙ্কু সিং (১) এবং অক্ষর প্যাটেল (০)।

রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভাল করে নামিবিয়া। দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন জান ফ্রাইলিঙ্ক। তবে ব্যক্তিগত ২২ রানে তাঁকে ফিরিয়ে দেন অর্শদীপ। একসময় ছয় ওভারের আগেই ৫০ রান করে ফেলে নামিবিয়া। তবে তারপরেই দলকে ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। ২৯ রানে স্টিনক্যাম্পকে বোল্ড করেন তিনি। কিছুক্ষণ পরেই নিকোল লফটি-এটনকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান বরুণ। ঠিক দুই বল পরেই এবার বরুনের শিকার হন স্মিট (০)। তারপরে আর কিছু করতে পারেনি নামিবিয়া। এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার বরুণ চক্রবর্তী। তিনি সাত রান দিয়ে তিন উইকেট তুলে নেন। তবে পাকিস্তান ম্যাচের আগে কয়েকটা ব্যাপার ভারতকে অবশ্যই চিন্তায় রাখবে। যেমন ব্যাট করার সময় ভারতীয় দল শেষ ১১ বলে ৫ উইকেট হারায়। শুধু তাই নয় স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় মিডিল অর্ডারকে বেশ নড়বড়ে লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version