ক্রিকেট
ICC T20 WORLD CUP: “ভারতকেই চেয়েছিলাম সেমিফাইনালে” : ব্রুক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। এর আগে যে দুবার মুখোমুখি হয়েছে দুই দল তাতে একবার করে জিতেছে প্রত্যেকেই। তবে এবারে কোন দল বাজিমাত করবে সেই নিয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। আর এরই মাঝে ভারতকে যে প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে চাইছিল ইংল্যান্ড সেই বিষয়ে মুখ খুলেছেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক।
একটি বিশেষ সাক্ষাৎকারে ব্রুক বলেন, “সেমিফাইনালের জন্য আমরা তৈরি। দলের অনেকেই ভারতের বিরুদ্ধে খেলতে পেরে বেশ খুশি। মনে মনে ভারতকেই চাইছিলাম আমরা। দুদলের উপরেই যথেষ্ট চাপ থাকবে এবং নিঃসন্দেহে একটি টানটান উত্তেজনার ম্যাচ হতে চলেছে এটি।”
বৃহস্পতিবার মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। স্টেডিয়ামে ভারত যে অনেক বেশি সমর্থন পাবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই ইংরেজ অধিনায়কের মনেও। “ভারত বিদেশের মাটিতেও প্রচুর লোকের সমর্থন পায়। দেশের মাটিতে ঘরের মাঠে ভারতের জন্য গলা ফাটানোর লোক বেশি হবে এতে আর নতুন কি! তবে গ্যালারিতে আমাদের সমর্থক খুব কম থাকলেও সেই মানসিক চাপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত।”
পাশাপাশি নিজের দলের প্রতিও আস্থা রেখেছেন ইংরেজ অধিনায়ক। “আমাদের দলের প্রথম সাতে অনেক শক্তিশালী ব্যাটার রয়েছে। তাই খেলার মোড় কোন দিকে ঘুরবে তা আগে থেকে কেউ বলতে পারে না। আর ভারতের বিরুদ্ধে বাটলার ভালো খেলবে এটা আমার বিশ্বাস। আমরা সব দিক দিয়েই জেতার জন্য প্রস্তুত।”
প্রসঙ্গত ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে দুরমুস করে দিয়েছিল ইংল্যান্ড। এরপর ২০২৪ এ সেই ছবি পাল্টে দেয় ভারত। নিঃসন্দেহে ‘২৬ এর ম্যাচে কে জয়ের হাসি হাসবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া।
