আন্তর্জাতিক ক্রিকেট
ICC T20 WORLD CUP: ইংল্যান্ডের জয়ে টিকে রইল পাকিস্তানের আশা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখতে হারতেই হত নিউজিল্যান্ডকে। কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়াম-এ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ইংল্যান্ডকে হারালেই পরের রাউন্ডে পৌঁছে যেত কিউইরা।
কিন্তু চার উইকেটে হেরে যাওয়ায় এখন তাদের তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। পাকিস্তান জিতলে দুই দলেরই পয়েন্ট হবে তিন, তখন সিদ্ধান্ত হবে রান রেটের ভিত্তিতে।
টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। টিম সাইফার্টের ২৫ বলে ৩৫ ও ফিন অ্যালেনের ১৯ বলে ২৯ রানে ভালো শুরু পায় তারা। গ্লেন ফিলিপস ২৮ বলে ৩৯ রান করলেও নির্ধারিত কুড়ি ওভারে ১৫৯ রানেই থামে দল।
রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক (২৬), জেকব বেথেল (২১) ও টম ব্যান্টন (৩৩) লড়াই চালান। শেষদিকে উইল জ্যাকসের ১৮ বলে ৩২ ও রেহান আহমেদের ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
গ্রুপ এক ও দুই থেকে একটি করে দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি জায়গা কি দখল করতে পারবে ভারত ও পাকিস্তান? তা হলে জমে উঠবে বিশ্বকাপ।
