ক্রিকেট
বাংলাদেশের সাংবাদিকদের আশার আলো দিল আইসিসি, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে এর পাশাপাশি গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা। সূত্রের খবর ভারত এবং শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে উপস্থিত থাকার অনুমতি পাননি বাংলাদেশের সাংবাদিকরা। এমনকি প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে সেই অনুমতি পত্র বাতিল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর এর পরেই আইসিসির পক্ষ থেকে মুখ খোলা হয়েছে এই বিষয়ে। বাংলাদেশের সাংবাদিকদের অনুমতি পত্র দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করে খতিয়ে দেখবে আইসিসি এমনটাই জানানো হয়েছে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বাংলাদেশের বাদ পড়ায় সূচিতে পরিবর্তন এসেছে এবং পুরো প্রক্রিয়াটি নতুন করে হচ্ছে তাই বেশ কিছুটা সময় লাগবে। পাশাপাশি একটি শর্তও দিয়েছে আইসিসি। জানা গেছে বাংলাদেশ থেকে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবেদন জানিয়েছিলেন প্রায় ১৫০ জন সাংবাদিক। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট কোটা থাকে সাংবাদিকদের জন্য সংরক্ষিত। সেই নিয়ম মেনে ৪০ জনের বেশি সাংবাদিককে অনুমতি দেওয়া সম্ভব নয় আইসিসির পক্ষে এমনটাও জানানো হয়েছে। তবে কোন ৪০ জন সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন বিশ্বকাপের মঞ্চে, সেই বিষয়ে এখনো কিছু জানায়নি আইসিসি। গোটা বিষয়টি আরো খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এমনটাই জানা গেছে।
প্রসঙ্গত বাংলাদেশের একাধিক সাংবাদিকরা অভিযোগ করেছেন আইসিসির বিরুদ্ধে অনুমতি পত্র বাতিল করার জন্য। তাদের দাবি গত ২০ জানুয়ারি তাদেরকে মেইলের মাধ্যমে অনুমতি পত্র দেওয়া হয়েছিল। কিন্তু গত ২৬ শে জানুয়ারি পুনরায় মেইল করে বাতিল করা হয়েছে সেই অনুমতি পত্র। ১৯৯৯ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। কিন্তু তারও অনেক আগে থেকেই বাংলাদেশের সাংবাদিকরা উপস্থিত থেকেছেন বিশ্বকাপের মঞ্চে। তাহলে কেন দল না খেলার কারণে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হল না, সেই বিষয়ে উঠছে প্রশ্ন। যদিও আইসিসি জানিয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
