ক্রিকেট
“সমালোচনার পরোয়া করি না”, বিস্ফোরক রানা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক বছর আগেই অভিষেক হয়েছে তার। এরপর ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলে ফেলেছেন তিনি। অথচ সমালোচনার মুখে এখনো নিয়মিত পড়তে হয় তাকে। বেশ অনেক সময় শুনতে হয় গৌতম গম্ভীর এর প্রিয় বোলার বলেই দলে জায়গা পাচ্ছেন নিজের ট্যালেন্টে নয়। আর এবার নিজের জীবনের অন্যতম কঠিন সময় নিয়ে মুখ খুললেন হর্শিত রানা।
ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিততে দলকে সাহায্য করেছিলেন রানা। ২০২৫ এর ৬ ফেব্রুয়ারি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত ১৩ টি ম্যাচ খেলে পেয়েছেন ২৩ টি উইকেট। অথচ নিয়মিত সমালোচনা হয় তাকে দলে রাখা নিয়ে। যদিও এখন সেই সমালোচনার তোয়াক্কা আর করেন না তিনি এমনটাই জানিয়েছেন ভারতের ক্রিকেটার। পাশাপাশি বলেছেন সতীর্থ রোহিত শর্মা এবং বিরাট কোহলির কথাও। কিভাবে নেট অনুশীলনে তাদের মুখোমুখি হয়েই নিজেকে আরও ধারালো করে তুলেছেন রানা, সেই বিষয়ে সবিস্তারে মুখ খুলেছেন তিনি। “নেট প্র্যাকটিসের সময় বিরাট এবং রোহিতকে বল করা একটা চ্যালেঞ্জ। ওরা নিজেরাও সব সময় নিজেদের সেরাটা দেয় নেট প্র্যাকটিসে। পাশাপাশি আমাকে উদ্বুদ্ধ করে নতুন কিছু করার জন্য। আর তাই নিজেকে আরও বেশি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাই আমি” বলেন তিনি। পাশাপাশি নিজের সমালোচনার প্রসঙ্গে বলেছেন, “এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি যখন অনেক চেষ্টা করেও কোন ভাবেই সফল হতে পারছিলাম না। একটানা ১০ বছর সুযোগ পাইনি। ট্রায়ালে যেতাম, বাড়ি ফিরে রোজ বাবার কাছে কাঁদতাম। বাবা শুধু আমাকে মনের জোর জুগিয়ে গেছে। এখন সেই কঠিন সময় কেটে গেছে তাই বলতে পারি আগামীদিনে আবার এরকম পরিস্থিতি হলে আমি সামলে নিতে পারব। এখন আর আমি কোন সমালোচনা গায়ে মাখি না।”
