ক্রিকেট

মিডল অর্ডারের লড়াইয়ে মুগ্ধ গিল

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম একদিনের ম্যাচে বার্মিংহামে ইংল্যান্ডকে হারিয়ে দুরন্ত সূচনা করল ভারত। ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে শুভমন গিলের দল। তবে মাঝের সারি ও লোয়ার মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারী দল। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
জয়ের পর অধিনায়ক শুভমন গিল সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন দলের ব্যাটিং গভীরতাকে। তাঁর মতে, বড় লক্ষ্য তাড়া করার সময় নিচের সারির ব্যাটাররা দায়িত্ব নিলে পুরো দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। গিল বলেন, “মাঝের সারি এবং লোয়ার মিডল অর্ডার যখন ম্যাচ শেষ করে, তখন অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাস বাড়ে। আমাদের ব্যাটিং অভিজ্ঞ, তাই বড় লক্ষ্য তাড়া করার বিশ্বাস থাকে। মাঝের ওভারগুলোতে বোলিং খুব ভালো হয়েছে। ব্যাটিংয়ে পাওয়ারপ্লের পর চাপ থাকলেও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটাই গুরুত্বপূর্ণ।”
চার উইকেটের সঙ্গে ৫৭ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন অক্ষর প্যাটেল। নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “গতি বদলে স্টাম্প টু স্টাম্প বল করার পরিকল্পনা ছিল। ব্যাটিংয়ে লক্ষ্য ছিল স্ট্রাইক বাড়ানো এবং জুটি গড়ে ম্যাচ শেষ করা।”
অন্যদিকে, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের আক্ষেপ মাঝের ওভারগুলোর ব্যাটিং ধস নিয়ে। তাঁর কথায়, “মাঝের ওভারগুলোতে ২০ রানে ৫ উইকেট হারানো মোটেও আদর্শ নয়। তবুও ছেলেরা লড়াই করেছে। আমাদের মনে হয়েছিল এই স্কোর লড়াই করার মতো ছিল।” প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজের পরবর্তী লড়াইয়ের আগে মানসিক দিক থেকেও এগিয়ে থাকল গিলের ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version