ক্রিকেট
বিমানের টিকিট না পেয়ে ভোরের ট্রেনে মুম্বই ফিরলেন দুবে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস তখনও কাটেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সতীর্থরা কেউ বিমানে, কেউ অন্য পথে বাড়ি ফিরেছেন। কিন্তু ভারতীয় দলের অলরাউন্ডার শিবম দুবে বেছে নিলেন একেবারেই অন্য রাস্তা, বাড়ি ফিরলেন ভোরের ট্রেনে।
ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুবে। নিচের দিকের ব্যাটিংয়ে তাঁর কার্যকরী অবদান গোটা প্রতিযোগিতাতেই ভারতকে শক্ত ভিত দিয়েছে। কিন্তু বিশ্বকাপ জয়ের পরেই বিপাকে পড়েন তিনি। আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার জন্য কোনও বিমানের টিকিট পাচ্ছিলেন না। পরদিন পর্যন্ত অপেক্ষা না করে শেষ পর্যন্ত ট্রেনেই ফেরার সিদ্ধান্ত নেন ভারতীয় অলরাউন্ডার। কারণ একটাই,দীর্ঘদিন পর বাড়ি ফিরে ছোট দুই সন্তানের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা।
দুবে পরে জানান, ভোরের ট্রেনে ওঠার সিদ্ধান্তটা সহজ ছিল না। কারণ জনতার ভিড়ে যে কোনও মুহূর্তে তাঁকে চিনে ফেলতে পারতেন সমর্থকেরা।
তাঁর কথায়,“কোনও বিমানের টিকিট পাচ্ছিলাম না। তাই ভোরবেলা আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার ট্রেন ধরার সিদ্ধান্ত নিই। গাড়িতে যাওয়া যেত, কিন্তু ট্রেনই দ্রুত পৌঁছে দিত। আমি, আমার স্ত্রী এবং এক বন্ধু, আমরা তিনজন মিলে থার্ড এসি কামরার টিকিট কাটি।”
তবে যাত্রা শুরুর আগে থেকেই চিন্তায় ছিলেন তিনি। যদি স্টেশনেই কেউ চিনে ফেলেন! সেই আশঙ্কা থেকেই নিজের পরিচয় গোপন রাখার ব্যবস্থা করেন ভারতীয় ক্রিকেটার।
দুবে বলেন,“আমি টুপি, মাস্ক আর লম্বা হাতা জামা পরে ছিলাম। ভোর পাঁচটা দশের ট্রেন ছিল, তাই ভেবেছিলাম প্ল্যাটফর্মে খুব বেশি মানুষ থাকবে না। স্ত্রীকে বলেছিলাম, ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি গাড়িতেই থাকব। তারপর দ্রুত উঠে পড়ব।”
যাত্রাপথে অবশ্য কোনও অঘটন ঘটেনি। রাতের বেলা ট্রেনে কেউ তাঁকে চিনতে পারেননি। তবু শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা ছিল দুবের মনে। মুম্বইয়ের বোরিভলি স্টেশনে নামার সময় যদি ভিড় তাঁকে ঘিরে ধরে!শেষ পর্যন্ত নিরাপদে নামার জন্য পুলিশের সাহায্য নিতে হয় তাঁকে।
দুবে জানান,“পুলিশ ভেবেছিল আমি বিমানে করে ফিরছি। যখন বললাম ট্রেনে এসেছি, তারা অবাক হয়ে যায়। পরে তারা আমাকে নিরাপত্তা দিয়ে স্টেশন থেকে বের করে দেয়। সেই কারণেই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছি।”
বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে উৎসবের ছবি অনেকেই দেখেছেন। কিন্তু সেই জয়ের নেপথ্যে থাকা ক্রিকেটারের এই নিরিবিলি ট্রেনযাত্রা যেন অন্য এক গল্পই বলে। সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেও, শেষ পর্যন্ত পরিবারের কাছেই ফিরতে চেয়েছিলেন শিবম দুবে।
