আইপিএল

শেষ হল আইপিএলে ধোনির ক্রিকেটার-জীবন, নতুন ভূমিকায় চেন্নাইয়ের মেন্টর মাহি

Published

on


রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলে শেষ হল মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেটার-জীবনের অধ্যায়। আর হলুদ জার্সিতে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাহির। মঙ্গলবার এক বিবৃতিতে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিয়েছে, আগামী আইপিএলে ক্রিকেটার হিসেবে খেলবেন না ধোনি। পরিবর্তে দলের মেন্টরের দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, চেন্নাইয়ের পরিচয়ের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মাহি। নতুন ভূমিকায় তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগাতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিএসকে-র মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। তাঁর কথায়, ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করা যায় না। দলের অন্যতম মালিক রূপা গুরুনাথও জানিয়েছেন, মেন্টর হিসেবে ধোনির অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে সাহায্য করবে।
পরিসংখ্যানেও চেন্নাইয়ের ইতিহাসে উজ্জ্বল ধোনি। সিএসকে-র হয়ে ২৭২টি ম্যাচ খেলেছেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও মাহি। তাঁর সংগ্রহে ৫৩১৪ রান।
ক্রিকেটার হিসেবে আইপিএলকে বিদায় জানালেও চেন্নাইয়ের হলুদ জার্সির সঙ্গে ধোনির সম্পর্ক থাকছে অটুট। এবার মাঠের বাইরে থেকে নতুন প্রজন্মকে পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ফলে মাহির আইপিএল-যাত্রায় ইতি নয়, বরং শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version