আন্তর্জাতিক ক্রিকেট
‘স্যান্ডপেপার’ কাণ্ডে বিস্ফোরক কামিন্স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ড নিয়ে উসমান খোয়াজার বিস্ফোরক দাবিতে নতুন করে উত্তাল ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের আত্মজীবনীতে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের একাধিক ক্রিকেটার আগে থেকেই জানতেন। সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিক বৈঠকে কামিন্স বলেন, “খোয়াজার বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও দায়িত্বজ্ঞানহীন। সিরিশকাগজ ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আমি কিছুই জানতাম না।”
খোয়াজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের আগেও পোর্ট এলিজাবেথে বল বিকৃতি করা হয়েছিল। তাঁর বইয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষের অভিযোগও উঠেছে। দাবি করেছেন, গায়ের রং সাদা না হওয়ায় অধিনায়ক হওয়ার সুযোগ পাননি তিনি। এই প্রসঙ্গে কামিন্স বলেন, “অধিনায়ক নির্বাচনে বর্ণের কোনও ভূমিকা নেই। অধিনায়ক হওয়ার পর আমি কখনও বর্ণবিদ্বেষ বরদাস্ত করিনি।” খোয়াজার বইয়ে নিজের এবং সতীর্থদের সম্পর্কে মন্তব্যে বিরক্ত বলেও জানিয়েছেন অজি অধিনায়ক।
