আন্তর্জাতিক ক্রিকেট
আবরারকে নেওয়া নিয়ে বিতর্ক, সিদ্ধান্তে অনড় ভেট্টরি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে ‘দ্য হান্ড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। একমাত্র ভারতীয় মালিকানাধীন দল হওয়া সত্ত্বেও পাক ক্রিকেটারকে দলে নেওয়ায় কাব্য মারানদের ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী। তবে এই সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেছেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি।ভারতীয় সমর্থকদের একাংশের অভিযোগ, একাধিক বিকল্প থাকা সত্ত্বেও জাতীয় আবেগের কথা না ভেবে পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিয়েছে সানরাইজার্স। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে ভেট্টরি জানিয়েছেন, দলের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকেই। ভেট্টরি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য ছিল আদিল রশিদকে দলে নেওয়া। কিন্তু ওকে না পাওয়ায় আমরা ঠিক করি, একজন ভাল মানের বিদেশি স্পিনার নিতে হবে। চার-পাঁচ জনের নাম ছিল আমাদের তালিকায়। তাদের মধ্যেই ছিল আবরার। ওকে পেয়ে আমরা খুশি।” তিনি আরও জানান, নিলামের আগে দলের বৈঠকে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে আলাদা করে কোনও আলোচনা হয়নি। পাক ক্রিকেটারদের নেওয়া যাবে না— এমন কোনও নির্দেশও ছিল না দলের ভিতরে। নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, “দলের প্রতিটি জায়গা নিয়েই আমরা পরিকল্পনা করেছিলাম। নিলামে যে ক্রিকেটারদের নাম ছিল, তাদের সবাইকে নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া যাবে না— এমন কোনও নির্দেশ ছিল না। আমরা খুব স্বাভাবিক ক্রিকেটীয় ভাবনাতেই পরিকল্পনা করেছি। যে বিভাগে সেরা ক্রিকেটারকে পাওয়ার সুযোগ থাকবে, তার জন্যই আমরা ঝাঁপাব।”ভেট্টরি জানিয়েছেন, উসমান তারিক ও রিশাদ হোসেনের মতো স্পিনারদের নামও তাঁদের আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত আবরারের উপরেই ভরসা রাখে দল। এর ব্যাখ্যায় তিনি বলেন, “আবরারের বোলিংয়ে একটা রহস্য রয়েছে। আমাদের মনে হয়েছে ইংল্যান্ডের অনেক ব্যাটারই ওর বলের সঙ্গে খুব বেশি পরিচিত নয়। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবরার খেলেছিল। তখন অস্ট্রেলিয়ার কয়েক জন ব্যাটারের সঙ্গে কথা বলেছিলাম। ওরাও জানিয়েছিল, আবরারের বল খেলা কঠিন। ওর বৈচিত্রও ভাল। হেডিংলেতে স্পিনারেরা সাহায্য পায়। আবরারের মতো স্পিনার ওই মাঠে আমাদের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে।”
