ক্রিকেট

মহিলা আইপিএলে বিতর্ক, বড় জরিমানার মুখে ক্রিকেটার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মহিলা আইপিএলে প্রথমবারের জন্য বড় শাস্তির মুখে পড়লেন এক ক্রিকেটার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত না মানতে পেরে মাঠে উপস্থিত আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য এই শাস্তি পেতে হল দিল্লি ক্যাপিটালস এর লিজেল লিকে। তার ম্যাচ ফির ১০ শতাংশ তো কাটা হয়েইছে, পাশাপাশি এই ক্রিকেটারকে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।

মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটে এই ঘটনা। এদিন মুম্বাইয়ের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকে বেশ ভালই খেলছিলেন লিজেল লি। ২৮ বলে তখন তার রান ৪৬। ম্যাচের ১১ তম ওভারে আমনজোত কৌরের একটি বলে ব্যাট চালাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন লি। আর তখনই অনিচ্ছাকৃত ক্রিজ থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু ফেরার চেষ্টা করলেও বিপক্ষের উইকেট রক্ষক রাহিলা ফিরদৌস দ্রুত স্টাম্প ফেলে দেয়। তবে এক্ষেত্রে তিনি আউট হয়েছেন কিনা এই বিষয়ে ছিল যথেষ্ট ধন্দ। বেশ অনেকটাই সময় নেন থার্ড আম্পায়ার। শেষ পর্যন্ত দেখা যায় লিজেললি ক্রিজে ফেরার চেষ্টা করে ব্যাট দাগের ভিতরে ঢুকিয়েছেন ঠিকই, কিন্তু স্টাম্প পড়ার মুহূর্তে তার ব্যাট ছিল হাওয়ায়। পাশাপাশি তার পাও ছিল দাগের বাইরে। স্বাভাবিকভাবেই আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি ওপেনার লিজেল লি। বেশ উত্তেজিতভাবেই মাঠে উপস্থিত আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। এমনকি প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে নিজের প্যাডে আঘাতও করেন তিনি। সূত্রের খবর ম্যাচ রেফারির জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী মহিলা আইপিএলের ধারা ২.২ ভেঙেছেন লিজেললি। এটি লেভেল ১ অপরাধ এবং সেক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। তাই শাস্তি পেতে হয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটারকে।

তবে এদিন লিজেলের মেজাজ হারানোর পিছনে যথেষ্ট যুক্তি ছিল। ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ার পর সময়ের মধ্যেই ক্রিজে ব্যাট ঢুকিয়েছিলেন তিনি। তখন ব্যাট মাটি স্পর্শ করেছিল। কিন্তু পুনরায় মাটির অভিঘাতে ব্যাট উঠে যায় হাওয়ায়। আর এই মুহূর্তেই স্টাম্প ফেলে দেন বিপক্ষের উইকেট রক্ষক। কিন্তু ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে একবার ক্রিজে ব্যাট ঢোকানোর পরে যদি হাওয়ায় ব্যাট থাকে সেক্ষেত্রে ব্যাটারকে বেনিফিট অফ ডাউট দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। যেহেতু নিয়মে থাকার পরেও এক্ষেত্রে আম্পায়ার আউট ঘোষণা করেছেন তাই প্যাভিলিয়নেই ফিরতে হয়েছে ক্রিকেটারকে। প্রসঙ্গত এদিন মুম্বাইকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে জেমাইমা রদ্রিগেজের দিল্লি ক্যাপিটালস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version