ক্রিকেট

বাংলার দাপুটে জয়ে শীর্ষে ঈশ্বরণরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরুটা যখন দুরন্ত, তখন থামার প্রশ্নই নেই! রঞ্জি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল বাংলা। কেরলের মাটিতে আয়োজক দলকে ২৮৭ রানে হারিয়ে এলিট গ্রুপ সি-র শীর্ষস্থান দখল করলেন অভিমন্যু ঈশ্বরণরা। তিন ম্যাচে বাংলার সংগ্রহ ১৮ পয়েন্ট।
তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান তুলেছিল কেরল। শেষ দিনে তাদের প্রয়োজন ছিল আরও ৩৫৫ রান। কিন্তু বাংলার বোলারদের সামনে মাত্র ১২০ রানেই শেষ হয়ে যায় কেরলের দ্বিতীয় ইনিংস। বল হাতে সবচেয়ে উজ্জ্বল প্রদীপ্ত প্রামাণিক। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট তুলে নিয়ে কেরলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। শাহবাজ আহমেদ নেন দুটি উইকেট। স্পিন সহায়ক পিচে মহম্মদ শামিও দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন।
এই জয়ের ভিত তৈরি হয়েছিল প্রথম ইনিংসেই। শাহবাজের ১২১ রানের দুরন্ত ইনিংসে ভর করে বাংলা তোলে ৩৫০ রান। জবাবে কেরল গুটিয়ে যায় ১৪১ রানে। প্রদীপ্ত চারটি এবং শামি তিনটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৯৮ রানে অলআউট হলেও ৪০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যস্ত হয় কেরল।
ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা শাহবাজ। তিন ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে বাংলার পরবর্তী লক্ষ্য এখন সাফল্যের এই ধারাকে দীর্ঘায়িত করা। মরসুমের শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে জোরালো বার্তা দিল লক্ষ্মীরতন শুক্লার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version