ক্রিকেট

রঞ্জিতে শাপমুক্তির শতরান অভিষেক পোড়েলের, বাইশ গজেই অঝোরে কাঁদলেন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা। সৌজন্যে অভিষেক পোড়েলের শতরান। কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের মাঠে দুরন্ত প্রত্যাবর্তন অভিষেক পোড়েলের। জেল থেকে মুক্তির মাত্র ২৫ দিনের মাথায় রঞ্জি ট্রফিতে শতরান করে আবেগে ভাসলেন বাংলার বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার। দিল্লির বিরুদ্ধে শতরান পূর্ণ করার পর হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলেন তিনি।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়ার পর ৩৬ দিন কারাগারে ছিলেন চন্দননগরের ক্রিকেটার। গত ১৭ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল তাঁকে দলে ফিরিয়ে প্রথম ম্যাচেই সুযোগ দেন।
সেই সুযোগের সদ্ব্যবহার করেন অভিষেক। ১৩৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। শতরানের পর বিরাট কোহলির পরিচিত ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
সুদীপ কুমার ঘরামির সঙ্গে তাঁর অবিচ্ছেদ্য জুটি বাংলাকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ৭৫ ওভারের শেষে বাংলার স্কোর ছিল ২৯৭/৩, দিল্লির চেয়ে ৫৭ রানে এগিয়ে।

কল্যানী বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শামি-আকাশদীপদের দাপটে মাত্র ২৪০ রানেই গুটিয়ে যায় দিল্লির প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলার। তবে সুদীপ কুমার ঘরামি এবং অভিষেক পোড়েলের অপরাজিত শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে রয়েছে বাংলা। ১২২ রানে অপরাজিত রয়েছেন সুদীপ, অন্যদিকে ১১৪ রানে ব্যাটিং করছেন পোড়েল। এদিন শতরান সম্পূর্ণ করে বাইশ গজেই চোখের জল ফেলেন তিনি। তৃতীয় দিনে সুদীপ কুমার ঘরামির সঙ্গে জুটি বেঁধে আরও রান যোগ করতে পারলেই, ভালো জায়গায় পৌঁছে যাবে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version