আন্তর্জাতিক ক্রিকেট
দাপুটে শুরু ভারতের, ২৬ রানে গুটিয়ে গেল নেপাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানে ম্যাচ জিতল ভারতীয় যুব দল। লিস্ট এ ক্রিকেটে নেপালের এই রান পঞ্চম সর্বনিম্ন। পাশাপাশি ৩০৬ রানের জয় লিস্ট এ ক্রিকেটে ভারতের অষ্টম বৃহত্তম জয়।
দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩২ রান তোলে ভারত। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের রানকে বড় অঙ্কে পৌঁছে দেন তিলক বর্মা ও কুমার কুশাগ্র। দু’জনেই শতরান করেন। তিলকের সংগ্রহ ১০৭, কুশাগ্র করেন ১১৭ রান। শেষ দিকে সূর্যাংশ শেডগের ১৪ বলে ৩৬ রানের ইনিংস ভারতের স্কোর আরও বাড়ায়।
জবাবে নেপালের ব্যাটিং বিপর্যয় ঘটে। হর্ষিত রানা চারটি এবং প্রিন্স যাদব পাঁচটি উইকেট নিয়ে নেপালের ইনিংস শেষ করে দেন। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে।
