অন্যান্য খেলা
মীরাবাইয়ের সোনালি হ্যাটট্রিক, গ্লাসগোয় ভারতের প্রথম সোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের ভারোত্তোলনের রানি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই সেরাদের সেরা। কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সোনার পদক জিতলেন মীরাবাই চানু। এই জয়ের সঙ্গে গ্লাসগো গেমসে ভারতের প্রথম সোনা এনে দেওয়ার পাশাপাশি টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জয়ের বিরল কীর্তিও গড়লেন তিনি।
৩১ বছরের মীরাবাই স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তুলে মোট ১৯০ কেজি নিয়ে সবার শীর্ষে শেষ করেন। এই পারফরম্যান্সে তিনি গেমস রেকর্ড এবং কমনওয়েলথ রেকর্ড—দুটিই ভেঙে দেন। প্রতিযোগিতার শুরু থেকেই তাঁর আধিপত্য ছিল স্পষ্ট, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে অনায়াসে সোনা নিশ্চিত করেন তিনি।
২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহামের পর এবার গ্লাসগো—টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে ভারতীয় ক্রীড়া ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন মণিপুরের এই তারকা। এটি তাঁর কমনওয়েলথ গেমসে চতুর্থ পদকও।
পদক জয়ের পর উচ্ছ্বসিত মীরাবাই বলেন, “এটি আমার তৃতীয় কমনওয়েলথ গেমসের সোনা। খুবই আনন্দ হচ্ছে। দেশের জন্য আবারও সোনা জিততে পেরে গর্বিত।” তাঁর এই সাফল্যে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকার সূচনা হল মীরাবাইয়ের হাত ধরেই। আগামী দিনগুলিতে বক্সিং, অ্যাথলেটিক্স ও অন্যান্য ডিসিপ্লিনে আরও পদকের আশায় ভারতীয় শিবির।
