আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপ মাতিয়ে এবার কোলো কোলোর পথে ভোজিনহা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি-এর দাবি, ৪০ বছর বয়সী এই গোলকিপারের সঙ্গে ১৮ মাসের চুক্তিতে নীতিগত সমঝোতায় পৌঁছেছে চিলির ক্লাবটি।

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দের অন্যতম ভরসার নাম ছিলেন ভোজিনহা । তাঁর অসাধারণ গোলকিপিংয়ে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও সেই ম্যাচেও একাধিক দুর্দান্ত সেভ করে প্রশংসা কুড়ান তিনি।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ক্লাব। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গেলেও শেষ পর্যন্ত কোলো কোলোর সঙ্গেই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনহা। যদিও কোলো কোলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকেই চিলির জায়ান্ট ক্লাবটির হয়ে মাঠে নামবেন বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version