রে স্পোর্টজ ওয়েবডেস্ক : নিরপেক্ষ মাঠ, তবু আগ্রাসী ফুটবল খেলে ৩ পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। গোয়ার ফতর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল লাল-হলুদ শিবির। এই ম্যাচে জয়ের নায়ক ইউসেফ, যিনি জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাশাপাশি একটি বল জালে জড়ান বিপিনও।ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজোর গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতায় দল যে মানসিকভাবে শক্ত জায়গায় রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “জয়ের ধারাবাহিকতাই দলের আত্মবিশ্বাস তৈরি করে। এখনও পর্যন্ত আমরা খুব বেশি ম্যাচ হারিনি। দল আত্মবিশ্বাসী, ভালো খেলছে এবং ক্রমশ উন্নতি করছে। প্রতিটি ম্যাচের সঙ্গে তারা খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে।”বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্রয়ের পর এই জয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাও তুলে ধরেন কোচ। তিনি বলেন, “এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। আজ আমরা ভালো খেলেছি। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে আমি খুশি।”তবে মরশুমের সূচি নিয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি, যদিও তা নিয়ে বাড়তি বিতর্কে যেতে চাননি। তাঁর বক্তব্য, “এই মরশুমটা খুবই অদ্ভুত, অনেকেই অনেক ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারছে না। তবে সমস্যার সমাধান করতে হলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরাও তাই করছি।”এই ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছে রিজার্ভ বেঞ্চের অবদান। বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সেই জয় এসেছে বলে মনে করছেন কোচ। তিনি বলেন, “আজ আমরা রিজার্ভ বেঞ্চের শক্তি ব্যবহার করেছি। এটাই আমাদের স্কোয়াডের গভীরতা। রিজার্ভ বেঞ্চের শক্তিতেই জয় এসেছে আজ। রাশিদ, ইউসেফ, জেরিদের পারফরম্যান্সে আমি খুব খুশি।”সব মিলিয়ে, সঠিক সময়ে ছন্দে থাকা ইস্টবেঙ্গল এখন শিরোপার দৌড়ে এক শক্তিশালী দাবিদার হিসেবেই উঠে আসছে।
