রে স্পোর্টজ় ওয়েব ডেস্ক: নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিল পাঞ্জাব ও নর্থ ইস্ট । সোমবারের এই ম্যাচের ফলাফল ১-১। দ্বিতীয়ার্ধে দু’টি গোলই আসে, ফলে শেষ পর্যন্ত কোনো দলই পুরো তিন পয়েন্ট তুলে নিতে পারেনি।প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি দুই দলই। কর্নার থেকে আক্রমণের কয়েকটি ভালো মুহূর্ত তৈরি করেছিল নর্থইস্ট, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে পাঞ্জাবও বেশ কয়েকটি আক্রমণ গড়লেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ম্যাচের ৬০ মিনিটে পার্থিব গগৈ গোল করে এগিয়ে দেন নর্থইস্টকে। জটলার মধ্যে থেকে ছিটকে আসা বল ধরে গোল করে যান পার্থিব গগৈ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরেই সুহাইলের দারুণ পাস থেকে গোল করে সমতা ফেরান পাঞ্জাবের নাইজেরীয় ফরোয়ার্ড এনসুঙ্গুসি জুনিয়র এফিয়ং।শেষ দিকে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পাঞ্জাব, কিন্তু একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত ১–১ ফলেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে পাঞ্জাব তালিকায় অষ্টম স্থানে উঠেছে, আর নর্থইস্ট রয়েছে দশম স্থানে।
