রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫-২৬ আইএসএলের প্রথম চারটি ম্যাচ ঘরের মাঠে জিতে ১২ পয়েন্ট নিয়েই শনিবার বেঙ্গালুরর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে মোহনবাগান। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসের শুর সবুজ মেরুন কোচ সার্জিও লোবেরার গলায় । কোচ জানালেন, “এতদিনের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট হলেও ফুটবলে সব সময়ই বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে কঠিন প্রতিপক্ষ থাকলেও দলের লক্ষ্য পরিষ্কার—ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট তুলে নেওয়া।” ঘরের মাঠে চার ম্যাচ জেতার পর প্রথম অ্যাওয়ে ম্যাচ কতটা কঠিন হতে চলেছে এই প্রশ্নে কোচের জবাব, “ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি অবশ্যই দলকে বাড়তি শক্তি দেয়। এই মরশুমে ঘরের মাঠে কয়েকটি কঠিন ম্যাচ জিতেছে দল। তবে ট্রফি জিততে হলে শুধু ঘরের মাঠ নয়, যে কোনও পরিস্থিতিতেই জয় ছিনিয়ে আনতে হবে। অজুহাত নয়, লড়াই করেই জিততে চায় তাঁর দল।” নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও জানান কোচ।অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই বলেই মনে করছেন তিনি। তাঁর দলের ব্রাজিলিয়ান তারকা রবসনকে নিয়ে প্রশ্ন করলে তাঁর উত্তর ” ম্যাচের আগের দিন যুবভারতীতেই শেষ অনুশীলন করবে দল, তারপরেই বলা যাবে রবসন খেলতে পারবেন কিনা।” যদিও দলীয় সূত্রে খবর বেঙ্গালুরু ম্যাচে অনিশ্চিত রবসন। দলের মিডফিল্ডার থাপাও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে,” দলের নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং কোচের নির্দেশ মেনেই সবাই নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। প্রতিটি ফুটবলারের জন্য আলাদা ভূমিকা নির্ধারিত রয়েছে এবং সেই অনুযায়ী খেলতে পারলে ভাল ফল আসবে।”প্রতিপক্ষের কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে ঘিরে আলাদা পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন থাপা।
