সায়ন প্রামানিক, কলকাতা: পর পর দুই ম্যাচ ড্র। তিন ম্যাচেই খোয়া গিয়েছে ৭ পয়েন্ট। ফলে হতাশা বাড়ছে লাল–হলুদ শিবিরে। কেরালার বিরুদ্ধে ম্যাচ শেষে ক্ষোভ চেপে রাখতে পারেননি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সরাসরি বললেন, “এর চেয়ে জঘন্য ফুটবল আমি দেখিনি।”
তবে দলের পারফরম্যান্স নিয়ে ভিন্ন সুর কোচ অস্কার ব্রুজোর গলায়। ড্র হলেও তাঁর দাবি, ম্যাচে সেরা দল ছিল ইস্টবেঙ্গলই। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা এখন তৃতীয় স্থানে। ট্রফির লড়াইয়ের চাপ এখনই নিতে চাই না। প্রথম পর্বের উপরই পরের লক্ষ্য নির্ভর করবে।”
ব্রুজোর মতে,“দ্বিতীয়ার্ধে দল খেলা নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ তৈরি করেছিল। কয়েকটি ভাল সুযোগ এলেও সেগুলি আমরা কাজে লাগাতে পারিনি। সমস্যাটা হচ্ছে সেট পিসের সময়ে মনোযোগের ঘাটতি হচ্ছে, ফলে গোল খাচ্ছি। এর আগেও এমন হয়েছে। তখনও ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল।”
সউল ক্রেসপোর পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট কোচ। তাঁর কথায়, “আক্রমণে অতিরিক্ত পরিশ্রম করে সউল অনেক সাহায্য করেছে।” পাশাপাশি সমর্থকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ম্যাচ জুড়ে সমর্থকেরা অসাধারণ ছিল। পুরো ৯০ মিনিট তারা দলের পাশে থেকেছে। তাই হতাশা প্রকাশ করাটা তাদের অধিকার।”
এখন দেখার অস্কারের ভবিষ্যত নিয়ে আদৌ কোনও প্রশান্ত নেয় কিনা ম্যানেজমেন্ট।
