Connect with us

ISL 2025/26: ফের পয়েন্ট নষ্ট বাগানের! লোবেরার মুখের গ্রাস কেড়ে নিল জামশেদপুর এফসি…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জামশেদপুরের মাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারতো মোহনবাগান। কিন্তু নিশ্চিত জেতা ম্যাচ মাঠে ফেলে এল সবুজ-মেরুন ব্রিগেড। শেষ মুহুর্তে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সার্জিও লোবেরার দলকে। শুরুতে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড। সেই সঙ্গে চলতি আইএসএলে খেতাবি লড়াইয়ের দৌড়ে আরও পিছিয়ে পড়ল মোহনবাগান।

খাতায়-কলমে শক্তিশালী দল হলেও, জামশেদপুরের মাটিতে পিছিয়ে থেকেই মাঠে নেমেছিল মোহনবাগান। কিন্তু কোচ লোবেরার মাস্টার স্ট্রোকে রক্ষণ মজবুত রেখেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন ব্রিগেড। ডিফেন্সে টম অলড্রেডের সঙ্গে আলবার্তোকে জুড়ে দিয়ে মেসি বৌলিদের কাজটা কঠিন করে দেন বাগান কোচ। ম্যাচের ১৫ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর দুর্দান্ত কার্লার জালে জড়িয়ে যায়। এগিয়ে গিয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। জেমি ম্যাকলারেন সহজ সুযোগ নষ্ট না করলে, প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারত তারা।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। অন্যদিকে ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের পথ বেছে নেয় জামশেদপুর এফসি। যদিও গোলের সুযোগ এসেছিল মোহনবাগানলনের কাছে। সুযোগ কাজে লাগাতে পারেননি জেমি ম্যাকলারেন। পরিবর্ত হিসাবে নেমে ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন দিমিত্রি পেত্রাতোস। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জামশেদপুর এফসির হয়ে সমতা ফেরান বঙ্গতনয় ঋত্বিক দাস। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা