আন্তর্জাতিক ফুটবল

ক্যাসেমিরোকে নিয়ে জয়ে ফিরল ইন্টার মায়ামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে নেমে পুরো ৯০ মিনিট খেলেন ৩৪ বছর বয়সী এই তারকা। তার অভিষেক ম্যাচে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বিশ্বকাপের ফাইনালে খেলা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ায় এই ম্যাচেও তাদের ছাড়াই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা।

২২ জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ক্যাসেমিরো আগের ম্যাচে না খেললেও অভিষেকেই মাঝমাঠে নিজের অভিজ্ঞতার ছাপ রাখেন। এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হারের ম্যাচটিই ছিল তার সর্বশেষ প্রতিযোগিতামূলক উপস্থিতি।

ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি পায় ইন্টার মায়ামি। বক্সের ভেতরে জার্মান বের্তারামের ওপর ফাউলের পর খেলা দীর্ঘ সময় বন্ধ থাকে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারানো বের্তারামকে প্রায় ১০ মিনিট চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। পরে পেনাল্টি থেকে প্যানেঙ্কা শটে গোল করেন সুয়ারেজ। গোল উদযাপনের সময় বের্তারামের ১৯ নম্বর জার্সি তুলে ধরে আহত সতীর্থের প্রতি সমর্থন জানান তিনি।

এই জয়ে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র ও ২ হারে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানেই রয়েছে মন্ট্রিয়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version