রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চললেও ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ খেলতে মেক্সিকোতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরাক। কয়েক দিনের অনিশ্চয়তার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ ইরাকের জাতীয় দল মুখোমুখি হবে বলিভিয়া সুরিনাম ম্যাচের বিজয়ী দলের সাথে।ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজল জানিয়েছেন, “সপ্তাহের শেষেই জাতীয় দল রওনা দেবে। ফুটবলারদের মেক্সিকো পৌঁছে দিতে একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে।” তিনি আরও বলেন, “জাতীয় দলের ফুটবলাররা যে ক্লাবগুলিতে খেলেন, সেই সব ক্লাবের সঙ্গেও কথা বলা হয়েছে যাতে নির্দিষ্ট সময়ে তাঁরা জাতীয় দলে যোগ দিতে পারেন।”যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে প্রস্তুতি শিবির আয়োজন করতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। বিমান চলাচল বন্ধ থাকায় তিনি নিজেও বর্তমানে আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। এই অবস্থায় মেক্সিকোয় দলের প্রস্তুতির জন্য ফিফার সাহায্য চেয়েছে ইরাকের ফুটবল সংস্থা।ইরাকের জাতীয় দলের প্রায় ৬০ শতাংশ ফুটবলার দেশের বিভিন্ন ক্লাবে খেলেন। বিমান চলাচল বন্ধ থাকায় তাঁরা যোগ দিতে পারেননি হাউস্টোনে আয়োজিত প্রস্তুতি শিবিরে, ফলে সমস্যায় পড়তে হয়েছে কোচ আর্নল্ডকে।উল্লেখ্য, শেষবার ১৯৮৬ তে বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। দীর্ঘ অপেক্ষার পর এ বার আবার বিশ্বকাপের মূলপর্বে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন আর্নল্ড। মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলা আন্তঃমহাদেশীয় প্লে-অফে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
