ফুটবল

FIFA WC 2026: কানাডার দাবানলের প্রভাবে ঢোঁয়ায় ঢেকেছে নিউ জার্সি, ফাইনাল ঘিরে আশঙ্কা…

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার মধ্যেই বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে নিউ ইয়র্কের বায়ুদূষণ। রবিবার মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ ইয়র্ক ও আশপাশের এলাকা। এতে ফুটবলার, দর্শক এবং আয়োজকদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কানাডার বিভিন্ন প্রদেশে শতাধিক দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখান থেকে ছড়িয়ে আসা ধোঁয়ার প্রভাবে নিউ ইয়র্কের বায়ুর মান দ্রুত অবনতি হয়েছে। আকাশজুড়ে কমলা-ধূসর ধোঁয়ার আস্তরণ, দূরের বহুতল ভবনও স্পষ্ট দেখা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে এবং বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের অতিরিক্ত সতর্ক থাকার আবেদন জানিয়েছে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের পর স্পেন দল নিউ ইয়র্কে পৌঁছেই এই প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়। ধোঁয়াশার মধ্যেই অনুশীলন করেছে লা রোহা, যদিও এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও শারীরিক সমস্যার কথা জানানো হয়নি। অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনালের পর টেক্সাসেই অবস্থান করে এবং ফাইনালের প্রস্তুতির জন্য পরে নিউ ইয়র্কে পৌঁছেছে।
আবহাওয়াবিদদের আশা, ফাইনালের আগের দিন সম্ভাব্য বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা উন্নত হতে পারে। তবে দূষণের মাত্রা কতটা কমবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সতর্কবার্তায় বলেছেন, বর্তমান বায়ুদূষণ শুধু অ্যাজমা বা হৃদরোগীদের জন্য নয়, সুস্থ মানুষের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সকলকেই অপ্রয়োজনে বাইরে বেরোনো এড়াতে এবং প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের মহারণ ঘিরে উৎসবের আবহ থাকলেও, প্রকৃতির এই বিরূপ পরিস্থিতি এখন ফাইনালের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আয়োজকদের আশা, আবহাওয়ার উন্নতি হলে দর্শক ও ফুটবলার— উভয়ের জন্যই নিরাপদ পরিবেশে বিশ্বকাপের শেষ ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version