ফুটবল
FIFA WC 2026: কেউই খেলতে চায় না’— তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশঁর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (ভারতীয় সময় ভোররাতে) মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ম্যাচ শুরুর আগেই চমকে দেওয়া মন্তব্য করলেন ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশঁ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এই ম্যাচ খেলতে ফ্রান্স যেমন আগ্রহী নয়, তেমনই ইংল্যান্ডও নয়। তবু জাতীয় দলের দায়িত্ববোধ থেকেই মাঠে নেমে জয়ের লক্ষ্যে খেলবে তাঁর দল।
স্পেনের কাছে সেমিফাইনালে ০-২ গোলে হেরে বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। সেই হতাশার আবহেই সাংবাদিক বৈঠকে দেশঁ বলেন, “এটা কোনও প্রীতি ম্যাচ নয়। এটা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমাদের কর্তব্য শেষ পর্যন্ত পালন করতে হবে। ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু এই প্রতিযোগিতার অংশ হিসেবে আমাদের খেলতেই হবে।”
১৪ বছরের দীর্ঘ অধ্যায় শেষে ফ্রান্সের কোচের পদ ছাড়ছেন দেশঁ। তাই নিজের শেষ ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি। দেশঁর কথায়, “ফ্রান্সের জার্সি গায়ে চাপালেই দায়িত্ববোধ চলে আসে। আমি চাই, আমরা তৃতীয় স্থান অর্জন করে এই অভিযান শেষ করি। এটা আমার শেষ ম্যাচ, তবে আমি চাই না বিদায়ের মুহূর্তটা কান্নায় ভরে উঠুক। জীবন এগিয়ে চলবে।”
দেশঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। তাঁর মতে, সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে কারওই ভালো লাগে না। তবু দলের সকলেই বিদায়ী কোচকে জয় উপহার দিতে বদ্ধপরিকর। কোনাতে বলেন, “দেশঁ আমাদের জন্য অনেক কিছু করেছেন। তাঁর শেষ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে চাই এবং ব্রোঞ্জ জিতে তাঁকে সম্মান জানাতে চাই।”
বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর এই ম্যাচ দুই দলের কাছেই হতাশার হলেও, ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে মর্যাদার প্রশ্ন জড়িয়ে রয়েছে। সেই লক্ষ্যেই মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড।
