Connect with us

ISL 2025/26: বড় শাস্তি মিগুয়েলের, চাপে ইস্টবেঙ্গল

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : মিগুয়েলের শাস্তি কমার কোনও সম্ভাবনা আর রইল না। বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখার পর ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি মিগুয়েলকে দু’ম্যাচের নিষেধাজ্ঞা এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গলকে ৪০ হাজার টাকা জরিমানাও করে। এই শাস্তির বিরুদ্ধে ফের আপিল করার সিদ্ধান্ত নিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। তারা চেয়েছিল নিষেধাজ্ঞা তুলে সেটিকে হলুদ কার্ডে রূপান্তর করা হোক। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না।

সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেই কেবল আপিল করা যায়। তাই মিগুয়েলের শাস্তি দু’ম্যাচের হওয়ায় সেই সুযোগও হারাল ইস্টবেঙ্গল। ফলে আগামী দুই ম্যাচে মিগুয়েলকে পাওয়া যাবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ অস্কার ব্রুজো। সাংবাদিক সম্মেলনে তিনি বিরক্তির সুরেই জানান, “ মিগুয়েলের লাল কার্ডটি প্রত্যাহার হওয়া উচিত ছিল। ১০ জন নিয়ে দীর্ঘ সময় খেলাই যথেষ্ট শাস্তি।” তাঁর মতে, ঘটনাটি এতটা গুরুতর ছিল না যাতে অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়। ফেডারেশন বিষয়টিকে আরও ন্যায্যভাবে পর্যালোচনা করা উচিত বলেও জানান তিনি। এদিন অনুশীলনেও মিগুয়েলের বিকল্প নিয়েই প্রস্তুতি চালায় দল। একই সঙ্গে শৃঙ্খলা নিয়ে ফুটবলারদের কড়া বার্তা দেন ব্রুজো, যাতে ভবিষ্যতে কার্ড সমস্যায় না পড়তে হয় তাদের।

ক্লাব কর্তা দেবব্রত সরকারও অসন্তোষ প্রকাশ করে বলেন, “ফেডারেশনের সিদ্ধান্তগুলো প্রশ্ন তুলছে। সব ক্লাবের খেলোয়াড়দের রেড কার্ড তুলে নেওয়ার আপিল করলে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা যখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছি, তখনই রেফারির সিদ্ধান্তের জেরে আমরা পিছিয়ে পড়ছি।” তিনি আরও জানান, বেঙ্গালুরু ম্যাচে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের বিষয়টি গুরুত্ব পায়নি। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মাঝেই এমন সিদ্ধান্ত দলকে চাপে ফেলছে বলেও মত ক্লাবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা