আন্তর্জাতিক ফুটবল
মাদ্রিদের আক্রমণভাগে আগুন ঝরাতে আসছেন ডিওমান্দে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার ক্লাব ফুটবলেও বিশাল ঝাপ ইয়ান ডিওমান্দের। আইভরি কোস্টের ১৯ বছর বয়সি এই উইঙ্গার ব্যক্তিগত শর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তায় পৌঁছে গিয়েছেন। ফলে তাঁর সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।
ডিওমান্দেকে দলে টানার দৌড়ে দীর্ঘদিন এগিয়ে ছিল প্যারিস সাঁ-জার্মাঁ। তবে শেষ মুহূর্তে ট্রান্সফার ফি এবং বেতন সংক্রান্ত আর্থিক হিসাবের কারণে ফরাসি ক্লাবটি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সুযোগই কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
এখন দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত কথা বাকি। সূত্রের খবর, ডিওমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই মেডিক্যাল পরীক্ষার জন্য মাদ্রিদে আসতে পারেন তরুণ এই উইঙ্গার।
