Connect with us

১৫ বছরেই টিম ইন্ডিয়ার দরজায় বৈভব সূর্যবংশী

রে স্পোর্টজের প্রতিবেদন: আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় দলে ডাক পাওয়ার জোরালো দাবি তৈরি হয়েছে তার জন্য। আইপিএলের পরপরই আয়ারল্যান্ড সফরে ভারতের দুই ম্যাচের টি-২০ সিরিজ থাকায়, সেখানেই তার অভিষেকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল তার প্রশংসায় বলেন, “এই মরশুমে বৈভবের ব্যাটিং সত্যিই অসাধারণ। ওর পারফরম্যান্স অনুযায়ী ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক করার যোগ্যতা রাখে।”

প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও মত বদলে স্বীকার করেছেন, “গত বছর মনে হয়েছিল ওকে নিয়ে তাড়াহুড়ো হচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে, পরের স্তরে যাওয়ার জন্য সে প্রস্তুত। এই ১৫ বছরের ছেলেটি ম্যাচ জেতাতে পারে।”

পিয়ুষ চাওলার বক্তব্য, “ও যেভাবে খেলছে, তাকে দ্রুত দলে তুলে আনা যেতে পারে। শুধু শতরান নয়, বড় ইনিংস খেলছে নিয়মিত।”

তবে সতর্কবার্তাও দিয়েছেন আম্বাতি রায়ডু। তার কথায়, “বর্তমান ভারতীয় দল বিশ্বচ্যাম্পিয়ন। সেই দলে জায়গা পাওয়া সহজ নয়।” একই সুর শোনা গেছে রবিচন্দ্রন অশ্বিনের গলাতেও, “ও খুবই প্রতিভাবান, একদিন না একদিন খেলবেই। কিন্তু এত তাড়াহুড়োর কী আছে?”

এই মরশুমে আরসিবির বিরুদ্ধে ২৬ বলে ৭৮, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭ বলে ৫২ ও মুম্বইয়ের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বৈভব। সব মিলিয়ে, ভারতীয় দলে তার অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা