আন্তর্জাতিক ক্রিকেট
T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তে একঘরে পাকিস্তান
রে স্পোর্টজের প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে কার্যত হাস্যকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান। পাক সরকারের নির্দেশে ভারতীয় দলের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলেও, পিসিবির সেই অবস্থানকে একদমই সমর্থন করছে না আইসিসি ও বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড। ফলে এই ইস্যুতে ক্রমশ একঘরে হয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই পরিস্থিতিতে নিজেদের পক্ষে সমর্থন আদায় করতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের দরজায় দরজায় ঘুরছে পিসিবি। তবে এখন পর্যন্ত সেই চেষ্টা থেকে বিশেষ কোনো লাভ হয়নি মহসিন নাকভিদের। বরং সময় যত এগোচ্ছে, ততই কঠিন অবস্থান নিচ্ছে আইসিসি। মূলত কোনও গ্রহণযোগ্য কারণ না দেখিয়েই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আইসিসির সঙ্গে আলোচনায় বসা তো দূরের কথা, সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোরও প্রয়োজন মনে করেনি পিসিবি। পরিবর্তে সমাজমাধ্যম ‘এক্স’-এ বার্তা দিয়ে জানিয়েছে, ভারতের বিরুদ্ধে তারা দল নামাবে না। এই একতরফা সিদ্ধান্তেই আইসিসির রক্তচক্ষুর সামনে পড়েছে পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটের বেশিরভাগ বোর্ডই স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক। পাকিস্তানের দাবি, বাংলাদেশকে অন্যায়ভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদেই তারা এই অবস্থান নিয়েছে। তবে সেই যুক্তি মানতে নারাজ বাকি বোর্ডগুলো। তাদের মতে, ভারত ও আইসিসিকে চাপে ফেলতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান—এ কথা এখন আর গোপন নেই। সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত আইসিসিকে কোনও সরকারি ই-মেল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধুমাত্র ‘এক্স’ হ্যান্ডেলে ট্যুইট করেই নিজেদের অবস্থান জানানো হয়েছে। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, সামাজমাধ্যমে দেওয়া কোনও বার্তাকে তারা সরকারি যোগাযোগ হিসেবে মান্যতা দেবে না। যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হচ্ছে, ততক্ষণ এই ইস্যুতে কোনো বৈঠক ডাকার প্রশ্নই নেই। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে সমর্থনের বদলে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কাই বাড়ছে।
