রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই নানাভাবে জটিলতা সৃষ্টি করছিল পাকিস্তান। কখনো বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে, কখনো আবার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক তুলে একাধিকবার গোলযোগ বানিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ভারতের কাছে ক্রিকেট মাঠে সেই পরাজয়ই মেনে নিতে হয়েছে পাকিস্তানকে। আর তারপর লাগাতার দ্বিতীয়বার একাধিক রেকর্ড সহযোগে বিশ্বকাপ উঠেছে সেই ভারতের হাতে। স্বাভাবিকভাবেই খুব একটা খুশি নয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আর এবার তার বক্তব্যে সেই কটাক্ষ বেশ স্পষ্টভাবেই ধরা পড়ল।
পাকিস্তানের সংবাদমাধ্যমে বিশ্লেষকের ভূমিকায় ছিলেন শোয়েব। ভারত বিশ্বকাপ জেতার পর সেখানেই রীতিমতো কটাক্ষ করতে শোনা গেল তাকে। “সত্যি বলতে ভারতের অবস্থা এখন অনেকটা বড়লোক বাপের বখাটে ছেলের মতন। ঠিক যেভাবে বাপের টাকায় ফুটানি করেই তাদের দিন যায়, ক্রিকেট মাঠে ভারত অনেকটা সেরকমই নমুনা রাখছে। খেয়াল করলে দেখবেন এই ছেলেগুলো পাড়ার গরীব ছেলেদের ডেকে আনে ক্রিকেট খেলার লোভ দেখিয়ে, ব্যাট তাদের বল তাদের উইকেট তাদের, আর তাই জেতেও তারাই। কারণ খেলাটাকে একরকম কিনে ফেলেছে ওরা। আমাদের সাথেও ভারত এই জিনিস করেছে, অন্য দেশগুলোর সাথেও একই কাজ করছে। আর এভাবেই তিল তিল করে ক্রিকেটটাকে শেষ করছে ভারত” বলেন শোয়েব। কিন্তু হঠাৎ কেন এতখানি কটাক্ষ জুটল ভারতের কপালে এর ব্যাখ্যা ও ছিল তার কাছেই। সেমিফাইনাল এবং ফাইনালে ভারতের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রায় কোনরকম চেষ্টাই করেনি এটাই শোয়েবের অভিযোগ। তিনি আরো বলেন “যে দল রান তাড়া করতে বারবার সমস্যায় পড়ছে, প্রতিপক্ষ টসে জিতে তাকে জায়গা ছেড়ে দিচ্ছে প্রথমে ব্যাটিং করার জন্য। আরো দেখুন, পেসাররা বল করছে কিন্তু কেউ ব্যাটসম্যানের মাথা লক্ষ্য করে বল ছুঁড়ছে না। একদম ব্যাটের সামনে বল পড়ছে ফলে ভারতের পক্ষে রান তোলার কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। দেখলে মনে হবে যেন ওদের সামনে ট্রফিটা থালায় সাজিয়ে ধরছে প্রতিপক্ষ।” শোয়েবের কথা থেকে স্পষ্ট ইঙ্গিত যে নিজেদের প্রতিপত্তি খাটিয়ে আইসিসির উপর প্রভাব বিস্তার করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও এমন কথা পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার এর আগেও বলেছেন এবং আগামীতেও বলবেন। অথচ প্রতিবারই প্রায় ভারতের মুখোমুখি হলে পাকিস্তানের কেন এত দুরবস্থা হয় সেই বিষয়ে তাদের মুখ খুলতে দেখা যায় না।
প্রসঙ্গত বিশ্বকাপের শুরু থেকেই একাধিক ভবিষ্যৎবাণী করেছিলেন আমির। বলেছিলেন শেষ তিনটি ম্যাচেই ভারত গো হারা হারবে ফলাফল হয়েছে একেবারেই উল্টো। সূর্যরা জিতেছেন শেষ তিনটি ম্যাচই। আর তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বেশ কিছুটা রেগে গিয়ে তিনি বলেন, “ভারত জিতেছে তো আমি কি করবো? ট্রফি তো আর ওরা আমার বাড়িতে নিয়ে আসবে না!” যদিও এরপর সুর পাল্টে ভারতের ক্রিকেটারদের খেলার প্রশংসা করতেও ভোলেননি তিনি। তবে তার এই পাল্টি খাওয়াও কিন্তু তার কথায় যে আক্রোশের সুর ছিল তা ঢাকতে পারেনি। অন্যদিকে সেই বিতর্ককেই নতুন করে উস্কে দিলেন শোয়েব আখতার।
