রে স্পোর্টজের প্রতিবেদন: লক্ষ্মীবারের ইডেনে অপ্রত্যাশিত নায়ক মুকুল চৌধুরীই গড়ে দিলেন ম্যাচের ফারাক। ঘরের মাঠে আবারও হারের মুখ দেখতে হল কলকাতা নাইট রাইডার্সকে। শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে অজিঙ্কা রাহানেদের মুখের গ্রাস কেড়ে নিল লখনউ সুপার জায়ান্টস। মুকুলের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে জয় পেল ঋষভ পন্থের দল।
টসে জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠান পন্থ। শুরুটা ভালো হলেও দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেন (৯) ফিরলে ধাক্কা খায় কলকাতা। এরপর অঙ্গকৃষ রঘুবংশী (৪৫) ও রাহানে (৪১) ইনিংস সামলান। ক্যামেরন গ্রীন (৩২) ও রভম্যান পাওলের অপরাজিত ৩৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে কেকেআর।
জবাবে শুরু থেকেই লখনউকে চাপে রাখে কেকেআরের বোলিং। বৈভব অরোরা ও অনুকুল রায়ের স্পেলে দ্রুত উইকেট হারায় লখনউ। মাঝপথে আয়ুষ বাদোনি একা লড়াই চালিয়ে ৫৪ রান করেন। তবে ম্যাচের মোড় ঘোরান মুকুল চৌধুরী।
শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। সেখান থেকেই অবিশ্বাস্য লড়াই করে আইপিএলের ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। কেকেআরের বোলিং বিভাগের দুর্বলতাই শেষ পর্যন্ত তাদের হার নিশ্চিত করে দেয়।
