Connect with us

IPL 2026: প্রশ্নের মুখে রাহুল, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দিল্লি বনাম হায়দ্রাবাদ ম্যাচে হারের পরই বড়সড় প্রশ্নের মুখোমুখি হন কেএলরাহুল। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। ওপেনার অভিষেক শর্মার ৬৮ বলে অপরাজিত ১৩৫ রানের দুরন্ত ইনিংস দিল্লির বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট খুইয়ে দিল্লি ক্যাপিটালসের ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানেই। নীতীশ রানা এবং সমীর রিজভী লড়াইয়ের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আর এই হারের পরই দলের ওপেনার ও উইকেটরক্ষক কে এল রাহুলের বিরুদ্ধে উঠছে সমালোচনার ঝড়।

এদিন ম্যাচে ২৩ বল খেলে মাত্র ৩৭ রান করেন রাহুল। মাত্র একটি চার ও তিনটি ছয় এসেছে তার ব্যাট থেকে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে এই ধীর গতির ইনিংস দলের পক্ষে মোটেই সুবিধেজনক হয়নি। পাওয়ারপ্লে-তেও দিল্লি তুলতে পারে মাত্র ৫৯ রান। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া রাহুলের ব্যাটিং এর সমালোচনা করে বলেন, “২৪০-র বেশি রান তাড়া করতে হলে শুরু থেকেই আক্রমণাত্মক হতে হয়। কিন্তু ২৩ বলে ৩৭ রান করলেও প্রশ্ন হল, কতটা আক্রমণাত্মক শট খেলেছেন তিনি? পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারলে ৯৯.৫ শতাংশ ক্ষেত্রে ম্যাচ হারতে হয়।”
তিনি আরও বলেন, “এটা এমনিতেই কঠিন লক্ষ্য ছিল, কিন্তু দলের মধ্যে সেই আগ্রাসন দেখা যায়নি। হয়তো তাঁর সামান্য চোট ছিল, কিন্তু তবুও এই ধরনের রক্ষণাত্মক ব্যাটিং করলে জেতা সম্ভব নয়। দল কি আদৌ নিজেদের সেরাটা দিয়েছে? আমার মতে, দিল্লির চেষ্টা ম্যাচ জেতার জন্য যথেষ্ট নয়।”

তবে এখানেই শেষ নয়, উইকেটের পিছনেও যথেষ্ট জড়সড় দেখিয়েছে রাহুলকে। এদিন তার ভুলেই ম্যাচ চলাকালীন অভিষেক শর্মা দ্বিতীয় সুযোগ পেয়েছেন। “জাতীয় দলের ওডিআই ম্যাচে রাহুল উইকেট রক্ষক হিসেবে থাকেন ঠিকই তবে একটা কথা মাথায় রাখতে হবে তিনি আদতে একজন ব্যাটার যিনি উইকেট রক্ষকের ভূমিকা পালন করেন। উল্টোটা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই উইকেট রক্ষকরা আগে উইকেট রক্ষক হন, পরে ব্যাট হাতে নিজেদের প্রমাণ করেন। এটা ঠিক, ভুল সবাই করে। তবে কে এল রাহুলের মতো একজন ক্রিকেটার ভুল করলে সেটা নিয়ে সমালোচনা হবেই। আর তাছাড়া উইকেট রক্ষক হিসেবে বড় ভুল করলে ব্যাটার হিসেবে তার অবদান তখন শূন্য হয়ে যায়” বলেন চোপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা