রে স্পোর্টজ ওয়েব ডেস্ক:আইপিএল শুরুর আগে স্বস্তির খবর মুম্বই শিবিরে। দলের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে বলে দাবি মুম্বই ম্যানেজমেন্টের। বিসিসিআই পরিচালিত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও, কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামবেন মুম্বইয়ের এই তারকা পেসার তা প্রায় নিশ্চিত। সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন ব্যস্ত সূচির আগে নিজের ফিটনেস ঝালিয়ে নেওয়ার জন্যই সেন্টার অফ এক্সিলেন্সে গিয়েছিলেন বুমরাহ। সামনে আইপিএল ছাড়াও আন্তর্জাতিক স্তরে একাধিক সিরিজ রয়েছে। সাদা বল ও টেস্ট, দু’ধরনের ক্রিকেটেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। তাই চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক সক্ষমতা খতিয়ে দেখা হয়েছে। গত কয়েকদিন ধরে নিয়মিত নেটে বল করছেন বুমরাহ। পাশাপাশি ফিটনেস, শক্তি বৃদ্ধি এবং বোলিং ধারাবাহিকতা নিয়েও কাজ করেছেন জোরকদমে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তিনি মুম্বই শিবিরে যোগ দেবেন। ফলে ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বইয়ের উদ্বোধনী ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের জার্সিতে সবচেয়ে সফল বোলারদের একজন বুমরাহ। ১৪৮ ম্যাচে ১৮৬ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে। মুম্বই দলে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুরদের উপস্থিতিতেও বুমরাহই যে বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু, তা বলার অপেক্ষা রাখে না।
