রে স্পোর্টজের ওয়েবডেস্ক : শুরুটা স্বপ্নের মতো হলেও হঠাৎই বদলে গিয়েছে ছবিটা। মুম্বই ইন্ডিয়ান্স মরসুমের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দীর্ঘ ১৩ বছরের খরা কাটালেও, তারপর থেকেই যেন তাল কেটে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। টানা তিন ম্যাচে দিল্লি, রাজস্থান এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে।
এই পরিস্থিতিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা কার্যত ‘ডু অর ডাই’। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় চিন্তার কারণ রোহিত শর্মা। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ১৯ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার অনুশীলনে অনুপস্থিত থাকলেও বুধবার আবার মাঠে দেখা যায় তাঁকে। যদিও পুরো দমে নয়, হালকা জগিং ও কিছুটা সময় নেটে ব্যাটিং করেই উঠে যান তিনি। প্রায় ২০ মিনিট ব্যাটিং করে কিছুটা স্বস্তি দিলেও, টিম ম্যানেজমেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মেডিক্যাল টিম তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে বলেই জানা গেছে।
সূত্রের খবর, সম্পূর্ণ ফিট না হলেও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামতে পারেন রোহিত। তবে যদি শেষ পর্যন্ত ঝুঁকি না নেওয়া হয়, সেক্ষেত্রে ডিকক ওপেনিংয়ে নামতে পারেন রিকেলটনের সঙ্গে।
