Connect with us

বিসিবিকে করা বার্তা আইসিসির, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিল আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাবতীয় দাবি খারিজ করে স্পষ্ট জানানো হয়েছে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে বিশ্বকাপ। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশকে সময়সীমাও বেঁধে দিয়েছে আইসিসি। তারপরেও কোনরকম টালবাহানা করলে ক্রমতালিকা মেনে অন্য দেশকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া নির্দেশ অনুযায়ী আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়তে হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। আর তারপরেই শুরু হয় যাবতীয় বিতর্ক। ভারতে অনুষ্ঠিত হতে চলার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়ে এক রকম বেঁকে বসে বাংলাদেশ। সে দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে আপত্তি জানানো হয়। কারণ হিসেবে বলা হয় বাংলাদেশের কেন্দ্রীয় সরকার দলের ক্রিকেটারসহ অন্যান্য সদস্য এমনকি সাংবাদিক প্রতিনিধিদের নিরাপত্তাহীনতার আশঙ্কা করছে। সরাসরি আইসিসির দ্বারস্থ হয়েছিল বিসিবি। প্রসঙ্গত এই বিশ্বকাপের গ্রুপ সি তে রয়েছে বাংলাদেশ। এই একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল এবং ইতালি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে দাবি জানানো হয়েছিল গ্রুপ সি থেকে সরিয়ে তাদের গ্রুপ বি তে রাখার। আয়ারল্যান্ডের সঙ্গে নিজেদের স্থান অদলবদল করার কথা জানিয়েছিল তারা। এই দাবি মানা হলে বাংলাদেশের ম্যাচগুলি কলকাতা এবং মুম্বাইয়ের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলা হত। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই প্রস্তাবের সম্মত হয়নি। ফলের স্বাভাবিকভাবেই গ্রুপ বিন্যাসের কোন পরিবর্তন করেনি আইসিসি। অন্যদিকে নিরাপত্তাহীনতার যে আশঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে করা হয় তাকে অমূলক বলেও উড়িয়ে দিয়েছেন জয় শাহ। তারা স্পষ্ট জানিয়েছেন কোনরকম হুমকির প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর তাই বাংলাদেশের এই দাবিও খারিজ হয়ে যায়। এরপরেও থেমে থাকেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে সাহায্য দাবী করে দুই দেশ মিলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি করেছিল। শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আইসিসি। একাধিকবার বৈঠকের পরেও যখন কোন সুরাহাই মেলেনি তখন বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। স্পষ্ট জানানো হয়েছে যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হয় তাহলে ভারতে এসেই অংশগ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে ক্রমতালিকা অনুযায়ী অন্যান্য দেশকে বিবেচনা করা হবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় দিয়েছে আইসিসি। তার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো হলে বিশ্বকাপে অংশ নিতে পারবে না বাংলাদেশ।

সূত্রের খবর আইসিসির বক্তব্য শোনার পরেও নিজেদের দাবিতেই অনড় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তারপরে বুধবার আইসিসি বোর্ড সভায় ভোট প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিনের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন সভাপতি আমিনুল। উপস্থিত ছিলেন আইসিসি সভাপতি জয় শাহ, সিইও স‌ংযোগ গুপ্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জ়িম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউ জ়িল্যান্ডের পক্ষে রবার্ট টোয়েস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মহম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ যোগ দেন। বৈঠকে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, হেড অফ ইভেন্টস গৌরব সাক্সেনা এবং লিগ্যাল অফিসারেরা। ভোট প্রক্রিয়ায় একাধিক ভোটই যায় বাংলাদেশের বিপক্ষে। মূলত আইপিএলকে ঘিরেই যেহেতু বিতর্ক শুরু হয়েছিল আইসিসির পক্ষ থেকে তাই স্পষ্ট জানানো হয়েছে বিশ্বকাপের সঙ্গে আইপিএলের কোনরকম যোগাযোগ নেই। এখন দেখার আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা